বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহের মতো অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গতকাল বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ বিল, ২০১০ জাতীয় সংসদে পাস হয়েছে। এর ফলে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) নাম পরিবর্তিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ এবং এ বাহিনীর প্রতীক পরিবর্তিত হবে। আগে বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি ছিল সাত বছরের কারাদণ্ড।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিলটি সংসদে উপস্থাপন করেন। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশনে এ বিলসহ দুটি বিল পাস হয়। অন্য বিলটি হলো ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০১০। এটি উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বিরোধী দলের অনুপস্থিতিতে দুটি বিলই কণ্ঠভোটে পাস হয়।এ ছাড়া গতকাল কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান।বর্ডার গার্ড বিল অনুসারে, সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তির বিদ্রোহের মতো অপরাধের বিচারে বর্ডার গার্ড আদালত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারবেন। বিলে সর্বনিম্ন শাস্তি ‘ভর্ৎসনা’র বিধানও রয়েছে। বিলে বর্ডার গার্ডের এখতিয়ার ও ক্ষমতার ভিত্তিতে তিন ধরনের আদালত গঠনের বিধানাবলির প্রস্তাব করা হয়। এগুলো হলো স্পেশাল বর্ডার গার্ড, স্পেশাল সামারি বর্ডার গার্ড ও সামারি বর্ডার গার্ড আদালত। সংক্ষুব্ধ ব্যক্তি বর্ডার গার্ড আপিল ট্রাইব্যুনালে আপিলের সুযোগ পাবেন। তবে অন্য কোনো অসামরিক আদালত বা সুপ্রিম কোর্টে এ রায়ের বিষয়ে প্রশ্ন তোলা যাবে না। যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রায়ের পর ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করতে পারবেন।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারিতে বিডিআর সদর দপ্তরে বিডিআর সদস্য কর্তৃক নৃশংস হত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠনের মতো গুরুতর অপরাধ বিচারে বিদ্যমান আইনের অপর্যাপ্ততা দূর করতে বর্ডার গার্ড বাংলাদেশ বিল প্রণয়ন করা হয়েছে। একই সঙ্গে পুরাতন বাংলাদেশ রাইফেলস (বিশেষ বিধান) অধ্যাদেশ-১৯৭৬ রহিত হয়ে যাবে।আইনটি যুগোপযোগী করে বিভাগীয় কর্মকর্তা ও অসামরিক পদে কর্মরত ব্যক্তিদের অপরাধের বিচার, বর্ডার গার্ড বাহিনীর কার্যাবলি, ক্ষমতা ও দায়িত্ব এবং অধস্তন কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ রাখা হয়েছে। বিলে বিদ্রোহের ব্যাখ্যায় আছে, অধিভুক্ত দুই বা ততোধিক ব্যক্তি কর্তৃক সম্মিলিতভাবে বাহিনী বা সশস্ত্র বাহিনী বা সহযোগী বাহিনীর কোনো কর্তৃপক্ষের আইনানুগ আদেশ অমান্য করা বা ওই কর্তৃপক্ষের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা, প্রতিহত করা বা উৎখাত করা অথবা দুই বা ততোধিক ব্যক্তি তাদের বৈধ বা অবৈধ অসন্তুষ্টি সম্মিলিতভাবে কর্তৃপক্ষের কাছে প্রকাশ করা বা উক্ত রূপ কার্যকারণের কোনো প্রচেষ্টা গ্রহণ করাকে বিদ্রোহ হিসেবে গণ্য করা হবে।প্রস্তাবিত আইনে বাক্-স্বাধীনতা রক্ষায় মহাপরিচালক অথবা তৎকর্তৃক কর্মকর্তার পূর্বানুমোদন নিয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধি বা বাহিনীর স্বার্থে পেশাজীবী সংগঠনের সদস্য হওয়ার বিধান রাখা হয়েছে। বিডিআর আইনে এ বিষয়ে সুস্পষ্ট বিধান ছিল না।এর আগে বাণিজ্যমন্ত্রী ফারুক খান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন।দুটি কমিটি পুনর্গঠন: বাণিজ্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি গতকাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন চট্টগ্রামের আবুল কাশেম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন মমতাজ বেগম (মহিলা আসন-৩)।