বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে বর্ডার গার্ড বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহের মতো অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আজ বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০ জাতীয় সংসদে পাস হয়েছে। এর ফলে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) নাম পরিবর্তিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ এবং এ বাহিনীর প্রতীক পরিবর্তিত হবে। আগে বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি ছিল সাত বছরের কারাদণ্ড।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিলটি সংসদে উপস্থাপন করেন। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশনে এ বিলটিসহ দুটি বিল পাস হয়। অন্য বিলটি হলো ভোটার তালিকা (সংশোধন) বিল-২০১০। এটি উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বিরোধী দলের অনুপস্থিতিতে দুটি বিলই কণ্ঠভোটে পাস হয়।এ ছাড়া আজ কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান।বর্ডার গার্ড বিল অনুসারে সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তির বিদ্রোহের মতো অপরাধের বিচারে বর্ডার গার্ড আদালত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারবেন। বিলে সর্বনিম্ন শাস্তি ‘ভর্ত্সনা’র বিধানও রয়েছে। বিলে বর্ডার গার্ডের এখতিয়ার ও ক্ষমতার ভিত্তিতে তিন ধরনের আদালত গঠনের বিধানের প্রস্তাব করা হয়। এগুলো হলো, স্পেশাল বর্ডার গার্ড, স্পেশাল সামারি বর্ডার গার্ড ও সামারি বর্ডার গার্ড আদালত। সংক্ষুব্ধ ব্যক্তি বর্ডার গার্ড আপিল ট্রাইব্যুনালে আপিলের সুযোগ পাবেন। তবে অন্য কোনো বেসামরিক আদালত বা সুপ্রিম কোর্টে এ রায়ের বিষয়ে প্রশ্ন তোলা যাবে না। যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি রায়ের পর ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করতে পারবেন।এর আগে বাণিজ্যমন্ত্রী ফারুক খান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন।দুটি কমিটি পুনর্গঠন: বাণিজ্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি আজ পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন চট্টগ্রামের আবুল কাশেম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন মমতাজ বেগম (মহিলা আসন-৩)।