বিদ্রোহের হুমকি দেওয়ার অভিযোগে আনসার সদস্য গ্রেপ্তার, রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহের হুমকি দেওয়ার অভিযোগে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্য আজিম উদ্দিনকে র্যাব গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে খিলগাঁওয়ের আনসার সদর দপ্তর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।২৮ ফেব্রুয়ারি গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনসার বাহিনীর বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন করার কথা আছে।র্যাব জানায়, আনসার সদস্য আজিম উদ্দিন গত রোববার সকাল সাতটার দিকে একটি মোবাইল ফোন থেকে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রীকে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে বিদ্রোহের হুমকি দেন। বার্তায় বলা হয়, ব্যাটালিয়ন আনসার সদস্যদের স্থায়ীকরণের মেয়াদ যদি ১২ থেকে কমিয়ে দুই বছর না করা হয়, তাহলে বিডিআরের মতো আনসার বাহিনীতে বিদ্রোহের ঘটনা ঘটবে। আর বিদ্রোহের দায়ভার মহাপরিচালককেই বহন করতে হবে।আনসারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হুমকির পর আনসারের পক্ষ থেকে বিষয়টি র্যাবকে জানানো হয়। র্যাবের কর্মকর্তারা হুমকি দেওয়া ফোন নম্বর পরীক্ষা করে নিশ্চিত হন, আনসার সদর দপ্তর থেকেই এ হুমকি দেওয়া হয়েছে। তবে যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল, সে নম্বরটি আর ব্যবহার করা হচ্ছে না। র্যাবের সদস্যরা হুমকিদাতাকে শনাক্ত করে তাঁকে আটক করেন।র্যাবের জিজ্ঞাসাবাদে আজিম উদ্দিন জানান, তিনি ২৮ আনসার ব্যাটালিয়ন শ্রীমঙ্গলে কর্মরত। বর্তমানে তিনি আনসার সদর দপ্তরে সংযুক্ত আছেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। হুমকি দেওয়ার বিষয়ে তিনি জানান, কারও প্ররোচনা ছাড়া একাই তিনি এ কাজ করেছেন।আজিম উদ্দিন র্যাবের জিজ্ঞাসাবাদে জানান, তিনি ১১ বছর আনসারে চাকরি করছেন। কিন্তু এখন পর্যন্ত তাঁর চাকরি স্থায়ী হয়নি। নিয়ম অনুসারে ১২ বছর পর ব্যাটালিয়ন আনসারদের চাকরি স্থায়ী হয়। আনসার সদস্যরা চাকরি স্থায়ীকরণের মেয়াদ দুই বছর করার দাবি জানিয়ে আসছেন।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, হুমকির ঘটনায় আনসার ও ভিডিপি সদর দপ্তরের একজন কর্মকর্তা বাদী হয়ে সরকারি কর্মকর্তাকে ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে দ্রুত বিচার আইনে মামলা করেছেন। এ মামলায় আজিমকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল আজিমকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডের আবেদন করা হলে মহানগর হাকিম শামীমা পারভীন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি তদন্ত করছেন খিলগাঁও থানার এসআই মো. জাকির হোসেন।