বিধবার জমি বিএনপি নেতার দখলে
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামের ভূমিহীন বিধবা মরিয়ম বিবি ২০ বছর আগে ৪৩ শতক জমি বন্দোবস্তের কাগজ পেয়েছেন, কিন্তু আজও দখল পাননি। দখল না পেয়ে অন্যের জায়গায় বসবাস করা অবস্থায় তিনি মারা গেছেন। তাঁর একমাত্র ছেলে ভ্যানচালক আব্দুর রাজ্জাক মায়ের নামে বন্দোবস্ত পাওয়া জমির দখল পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের খাস ও ভিপি তালিকাভুক্ত ৭২ শতক জমি নিজের দাবি করে কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান দখল করে রেখেছেন। ভাটপাড়া গ্রামের ভূমিহীন ভ্যানচালক আব্দুর রাজ্জাক জানান, তিনি যখন খুব ছোট তখন তাঁর বাবা মারা যান। মা মরিয়ম বিবি তাঁদের চার ভাইবোনকে নিয়ে ভাটপাড়া গ্রামে সরকারি জায়গায় ঝুপড়িঘর বেঁধে বসবাস করতেন। মা পরের বাড়িতে কাজ করে তাঁদের বড় করেন। ১৯৯০ সালে গ্রামের কয়েকটি ভূমিহীন পরিবারকে সরকার জমি বন্দোবস্ত দেয়। এ সময় তাঁর মা ভাটপাড়া মৌজার ১৩৬৩ দাগে ৩০ শতক ও ৫৫৯ দাগে ১৩ শতক মোট ৪৩ শতক জমি বন্দোবস্ত পান। কিন্তু বন্দোবস্ত পাওয়া অন্যরা তাঁদের জমির দখল পেলেও তাঁর মা ওই জমির দখল পাননি। অন্যের জায়গায় বসবাস করা অবস্থায় ২০০১ সালে তাঁর মা মারা যান। সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি দখলকারী লুৎফর রহমান বলেন, ‘নলডাঙ্গা রাজাদের কাছ থেকে কবুলতি মূলে তাঁর বাবা মৃত আবদুল বিশ্বাস এই জমি বন্দোবস্ত পান। সেই থেকে তাঁরা এই জমির মালিক, কিন্তু ভুল করে এসএ ও আরএস (হাল) রেকর্ডে জমিটি সরকারের খতিয়ানে রেকর্ডভুক্ত হয়। এরপর তিনি ১৯৯০ সালে আদালতে জমি ফেরত পাওয়ার জন্য মামলা করেন। আদালতে মামলা চলা অবস্থায় জমিটি ভূমিহীন মরিয়ম বিবিকে বন্দোবস্ত দেওয়া হয়। রায় পাওয়ার পর আমি নাম পরিবর্তনের জন্য ১৯৯৪ সালে ভূমি অফিসে আবেদন করি। কিন্তু আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। আমি ভূমিহীনের কোনো জমি জোর করে দখল করিনি।’ এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান বলেন, ‘জমিটি সরকারের হওয়ায় নাম পরিবর্তন হয়নি। তবে এত দিন বিষয়টি কেন নিষ্পত্তি হয়নি খোঁজ নিয়ে দেখব। অবশ্য সরকারি জমি টিকিয়ে রাখতে নিম্ন আদালতের রায়ের পর উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রেও আপিল করার উদ্যোগ নেওয়া হবে। আর ভূমিহীন আব্দুর রাজ্জাককে জমির দখল দেওয়ার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া যায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’