বিধান বড়ুয়ার আস্তানা থেকে জি-৩ রাইফেল উদ্ধার
চট্টগ্রাম জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বিধান বড়ুয়ার আস্তানা থেকে উদ্ধার হওয়া জি-৩ রাইফেলটি রাউজানের আওয়ামী লীগ নেতার বলে বিধান দাবি করেছেন। আর অস্ত্রটি কেনার জন্য টাকার জোগান দেয় বিতর্কিত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবার। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিধান এই দাবি করেন। পুলিশ গতকাল ভোরে আমেরিকার তৈরি ওই রাইফেলটি উদ্ধার করে। রাউজানের আঁধারমানিক এলাকায় মাটি খুঁড়ে ভারী এই অস্ত্র উদ্ধার করা হয়। বিধান রাউজানের বিতর্কিত রাজনৈতিক নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। পুলিশ সূত্র জানায়, অনেক কৌশল করে পুলিশ জি-৩ রাইফেল লুকিয়ে রাখার তথ্য বিধানের কাছ থেকে আদায় করে। প্রায় এক যুগ আগে জনৈক সুভাষের বাড়ির কাছে গাছতলায় জি-৩ রাইফেলটি লুকিয়ে রাখা হয় বলে বিধান পুলিশকে জানান। এই তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে তাঁকে নিয়ে রাউজানের আধারমানিক এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বাবুল আক্তার। এএসপি বাবুল আক্তার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, সুভাষের বাড়ির চারদিকে খোলা জমি। একসময় এই বাড়ি সন্ত্রাসীদের আস্তানা ছিল। বিধানের তথ্য অনুযায়ী, আমরা সুভাষের বাড়ির গাছতলায় একাধিক জায়গায় খোঁড়াখুঁড়ি করি। একপর্যায়ে ২০-২২ ইঞ্চি মাটি খোঁড়ার পর আমেরিকার তৈরি অস্ত্রটি পাই। এটি পলিথিন দিয়ে মোড়ানো ছিল। এক যুগ আগে অস্ত্রটি আড়াই-তিন লাখ টাকা দিয়ে কেনা হয়।গত ৮ সেপ্টেম্বর র্যাব-৭-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ফেনী থেকে বিধানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়ার পরই র্যাব অভিযান চালিয়ে রাউজানের আধারমানিক থেকে বিদেশি নাইনএমএম পিস্তল উদ্ধার করে। এরপর জেলা পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়। পুলিশ তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। আজ শুক্রবার প্রথম দফার পাঁচ দিনের রিমান্ড শেষ হওয়ার কথা। গতকাল তাঁকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। জি-৩ রাইফেল প্রসঙ্গে বিধান বড়ুয়া গতকাল দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রথম আলোকে বলেন, সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবার অস্ত্রটি কেনার জন্য ফজল হককে টাকা দেয়। আর এটি কেনা হয় রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতা মুসলিমের কাছ থেকে। বিধান বড়ুয়া আরও বলেন, ‘আমরা রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয়েছি। সালাউদ্দিন কাদের চৌধুরী ও তাঁর ভাইয়েরা আমাদের ব্যবহার করেছেন। ওই সময় রাউজানের চার ব্যক্তি আমার হাতে খুন হয়। এসব ঘটনা নিয়ে আমি অনুশোচনা করছি। আমার কলঙ্কের দাগ যেন সন্তানদের ওপর না পড়ে। কারণ, আমার দুই ছেলের মধ্যে একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমবিএ এবং অন্যজন বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ছে।’ বিধানের অভিযোগ সম্পর্কে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিমউদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘ও (বিধান) ডাহা মিথ্যা বলছে। ও আমাকে দুইবার হত্যার চেষ্টা করে, তার বিরুদ্ধে আমার করা মামলা আদালতে বিচারাধীন। আমার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে বিধান অস্ত্রের সঙ্গে আমাকে জড়িয়ে বক্তব্য দিচ্ছে। আমি অস্ত্রের রাজনীতিতে বিশ্বাসী নই। তাকে রাউজানের কারা ব্যবহার করেছে তা সবার জানা।’