বিধানসভায় পর্নো ভিডিও চিত্র দেখার কারণে তিন মন্ত্রীর পদত্যাগ (ভিডিও)
অভিযোগ গুরুতর। ভারতের কর্নাটকে বিধানসভার অধিবেশনে বসেই মোবাইল ফোনে পর্নো ভিডিও চিত্র দেখছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তিন মন্ত্রী। আর মোবাইল ফোনটির মালিক আরেক মন্ত্রী। মিডিয়া গ্যালারিতে বসে থাকা সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়া এই চিত্র টেলিভিশনে সম্প্রচার হলে ভারতজুড়ে হইচই পড়ে যায়। দাবি ওঠে তাঁদের পদত্যাগের। আজ বুধবার অবশ্য ওই তিন মন্ত্রী পদত্যাগ করেছেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়।পদত্যাগকারী ওই তিন মন্ত্রী হলেন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা লক্ষ্মণ সাভাদি, নারী ও শিশু উন্নয়ন-বিষয়ক মন্ত্রী সি সি পাতিল এবং কৃষ্ণ পালমার। তবে তিনজনই বিধানসভায় পর্নো ভিডিও চিত্র দেখার অভিযোগ অস্বীকার করেছেন। তবে বিজেপিকে অস্বস্তি থেকে বাঁচাতেই তারা পদত্যাগ করলেন।
লক্ষ্মণ সাভাদি দাবি করেছেন, ওই ভিডিও ক্লিপটিতে চারজন পুরুষের একজন নারীকে ধর্ষণ করার দৃশ্য ছিল। এটি নিয়েই অধিবেশনে আলোচনার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এটা পর্নোগ্রাফি নয়। আর র্যাভ বা ড্যান্স পার্টির খারাপ প্রভাব নিয়েও তাঁরা কথা বলতে চেয়েছিলেন। তিনি আরও বলেন, ‘দলকে অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচাতে আমি পদত্যাগ করেছি। আমরা তিনজন যে নির্দোষ তা প্রমাণ করব।’ আর সি সি পাতিলের দাবি, ‘বিধানসভার অধিবেশনে পর্নোগ্রাফি দেখার মতো অসভ্য আমরা নই।’প্রসঙ্গত, গতকাল বিধানসভার অধিবেশন চলাকালে দায়িত্বরত সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন তাঁরা। এতে দেখা যায়, লক্ষ্মণ সাভাদি মোবাইল ফোনে পর্নোগ্রাফির একটি ভিডিওচিত্র দেখছিলেন। পরে তাঁর পাশে থাকা নারী ও শিশু উন্নয়নমন্ত্রী সি সি পাতিলকে দেখান। ওই পর্নো ভিডিও দেখে নিজেদের মধ্যে ঠাট্টা-তামাশা করছিলেন। বিধানসভায় তখন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছিল।