বিধায়কের আত্মহত্যা: বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ
কলকাতার বিধায়ক হোস্টেলের চারতলার ছাদ থেকে গত ২৯ মে বিকেলে সিপিএম বিধায়ক মোস্তফা বিন কাশেমের লাফ দিয়ে আত্মহত্যার ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জানা গেছে, পুলিশ বিধায়কের এই মৃত্যুকে আত্মহত্যা বললেও তা মানতে রাজি হয়নি বিধায়ক পরিবার। বিধায়কের একমাত্র ছেলে মাসুম বিন কাশেম দাবি করেছেন, তাঁর বাবা আত্মহত্যা করতে পারেন না। তাঁর বাবার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। এই দাবিতে তিনি কলকাতার পার্ক স্ট্রিট থানা এবং কলকাতার পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন।একই সঙ্গে বাবার মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য বিচারবিভাগীয় তদন্তেরও দাবি করেন তিনি। তিনি দাবি করেন, তাঁর বাবার মৃত্যুর পর যে সুইসাইড নোট পাওয়া গেছে, সেটি তাঁর নিজের হাতের লেখা নয়। ওই হাতের লেখাও তদন্তের দাবি জানিয়েছেন তিনি।মাসুম বিন কাশেম আরও অভিযোগ করেছেন, তাঁর বাবার এক পায়ে অসুবিধা থাকায় তিনি সাধারণত কারও সাহায্য নিয়ে চলাচল করতেন। ঘটনার দিন কীভাবে তিনি বিধায়ক হোস্টেলের ছাদে গিয়ে সেখান থেকে ঝাঁপ দেন?বিধায়কের ছেলের এসব দাবি এবং স্থানীয় মানুষজনের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, মোস্তফা বিন কাশেম উত্তর চব্বিশপরগনা জেলার বসিরহাট (উত্তর) আসনের বিধায়ক ছিলেন।