বিধি না মানলে বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্বাচন পরিচালনায় সরকারি কর্মকর্তাদের বদনামের দায় নেবে না নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাঁদের নির্বাচনী আচরণবিধি মানতে হবে। অন্যথায় কমিশন তাঁর ক্ষমতা প্রয়োগ করে সরকারি কর্মকর্তাদের বরখাস্ত করবে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন-২০১১ উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। কর্মকর্তাদের উদ্দেশে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘মনে সন্দেহ থাকলে আজকের সভায় বলেন। আমরা আপনাকে রাখব না। নির্বাচনী প্রক্রিয়া থেকে কমিশন এক চুল পরিমাণ ডানে-বাঁয়ে যাবে না। আমরা সোজা রাস্তায় আছি। কমিশন নিরপেক্ষ আছে, আপনারাও নিরপেক্ষ থাকুন।’নির্বাচন কমিশনার আরও বলেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচনের পর আমরা বলেছি, আর কোনো নির্বাচন করব না। কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে কমিশন নির্বাচন করছে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন শেষ হওয়ার এক মাস পর আমরা চলে যাব। কোনো বদনাম নিয়ে আমরা যেতে চাই না। দেশের ক্ষুদ্রতম এ সিটি করপোরেশন নির্বাচনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাঁদের নির্বাচনী আচরণবিধি মানতে হবে। অন্যথায় কমিশন তাঁর ক্ষমতা প্রয়োগ করে সরকারি কর্মকর্তাদের বরখাস্ত করবে।’ কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, কুমিল্লা সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুল বাতেন, বিজিবি, র্যাব ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।