বিধি নেই, আটকে আছে ইউপি ও পৌর নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার যখন চায় তখন নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকে না। নির্বাচন কমিশন প্রস্তুত হলে সরকার চায় না—এ কারণে স্থানীয় সরকারের মেয়াদোত্তীর্ণ তিনটি স্তরের নির্বাচন হচ্ছে না। প্রায় আড়াই বছর আগে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এবং দেশের বেশির ভাগ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মেয়াদ পেরিয়ে গেছে। নির্বাচন হয়নি। সর্বশেষ ডিসিসি নির্বাচনও পিছিয়ে দেওয়া হলো।সূত্র জানায়, আইন অনুযায়ী সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য বিধিমালা প্রয়োজন হয়। আইনে বিধিমালা প্রণয়নের দায়িত্ব নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের বিধিমালা চূড়ান্ত হয়নি। তবে সিটি করপোরেশন নির্বাচনের বিধি চূড়ান্ত করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বিলুপ্ত স্থানীয় সরকার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, আড়াই বছর ধরে স্থানীয় সরকারের স্তরগুলোর নির্বাচন হচ্ছে না, এটা অনভিপ্রেত। ঠিক সময়ে নির্বাচন না হলে কাজের বৈধতা থাকে না, নৈতিক মনোবল থাকে না। ফলে স্থানীয় সরকারে একরকম অচলাবস্থা চলছে। তাঁর মতে, সরকার ও বিরোধী দল মিলে স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে একটা কর্মপরিকল্পনা তৈরি করা উচিত। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, ডিসিসির মেয়াদ শেষ হয় ২০০৭ সালের ২৬ জুন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ৯ মে। গত বিএনপি সরকারের সময় ২০০২ সালের ফেব্রুয়ারি মাসে পৌরসভার নির্বাচন হয়। ৩১৯টি পৌরসভার মধ্যে বর্তমানে ২৪৮টিতে নির্বাচন করতে হবে। মামলাসংক্রান্ত জটিলতায় অন্যগুলোর নির্বাচন করা যাচ্ছে না।সূত্র জানায়, বর্তমানে দেশের চার হাজার ৪৮৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে চার হাজার ৪২৩টির নির্বাচন হয় ২০০৩ সালের ২৫ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত। ২০০৮ সালের জুনে ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়। বর্তমানে চার হাজার ৯৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন করতে হবে।গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জারি হওয়া সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসংক্রান্ত অধ্যাদেশ সংসদে উপস্থাপন না করায় তা বাতিল হয়ে যায়। তখন উপজেলা ছাড়া স্থানীয় সরকারের কোনো স্তরের আইন ছিল না। ২০০৯ সালের সেপ্টেম্বর-অক্টোবরে জাতীয় সংসদে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা আইন পাস হয়। এ সময় সিটি করপোরেশনগুলোর জন্যও অভিন্ন আইন পাস হয়।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে জানান, আইন পাসের পরপরই ইউপি, পৌরসভা ও ডিসিসি নির্বাচনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়। সর্বশেষ গত তিন মাস আগেও অনানুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তখন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়নি।ইউপি ও পৌরসভা নিয়ে নতুন জটিলতা: গত বছরের অক্টোবরে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা আইন পাস হলেও তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। আইনে ওয়ার্ডের সীমানা নির্ধারণের ক্ষেত্রে বলা হয়েছে, কোনো ওয়ার্ডের ভোটার পার্থক্য ১০ শতাংশের কম-বেশি হতে পারবে না। এ বিধান মানতে হলে বেশির ভাগ গ্রাম বা মহল্লার অখণ্ডতা থাকবে না। এ নিয়ে মামলা-মোকদ্দমারও ঝুঁকি আছে বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এ জটিলতা নিরসনে মন্ত্রণালয় ২০০৯ সালের আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে। সংশোধনীতে ওয়ার্ডের সীমানা নির্ধারণের বিধান বাতিল এবং পুরোনো সীমানা রাখার প্রস্তাব করা হয়। এ ক্ষেত্রে গ্রাম বা মহল্লার অখণ্ডতা বজায় থাকবে।গত সোমবার মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সংশোধনী আইনটি অনুমোদিত হয়। এখন সংসদের বাজেট অধিবেশনে আইন দুটি পাসের জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে। সংশোধনী আইন পাস এবং বিধিমালা চূড়ান্ত করে নির্বাচন করতে আগামী শীত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান মন্ত্রণালয় ও কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা।ডিসিসি নির্বাচন পেছানোর নেপথ্যে: সূত্র জানায়, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পেছানোর জন্য ওয়ার্ডের সীমানা নির্ধারণ, গরম ও বর্ষার কথা বলা হলেও সরকারের অপ্রস্তুতিই মূল কারণ। এ সময় নাগরিক অসুবিধা নিয়ে সরকার বিপাকে থাকায় নির্বাচন পেছানোর পক্ষে অবস্থান নেওয়া হয়। আবার গত শীতে নির্বাচন কমিশনের অপ্রস্তুতির জন্য ডিসিসি নির্বাচন করা যায়নি।স্থানীয় সরকার নির্বাচন কেন হচ্ছে না—জানতে চাইলে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাচনের কথা বললেই তো হবে না, আইন লাগবে। পৌরসভা ও ইউনিয়ন পরিষদের আইনই তো এখনো ঠিক হয়নি। গত শীতে ঢাকা সিটি নির্বাচন না হওয়ার ব্যাপারে তিনি বলেন, তখন ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হয়নি। সাখাওয়াত হোসেন আগামী শীত ছাড়া স্থানীয় সরকার নির্বাচন সম্ভব হবে না বলে জানান।