বিধি ভেঙে শেয়ার ব্যবসায় সরকারি কর্মকর্তা-কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীর শেয়ার ব্যবসায় জড়িত থাকার প্রমাণ রয়েছে, তাঁদের বিরুদ্ধে চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগ এনে আইনগত ব্যবস্থা নেবে সরকার।তদন্ত কমিটির প্রতিবেদনে নাম না এলেও সরকারি যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শেয়ার ব্যবসায় জড়িত থাকার প্রমাণ ও অভিযোগ সংস্থাপন মন্ত্রণালয়ের কাছে রয়েছে বা আসছে, তাঁদের বিরুদ্ধেও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।বিধিতে শেয়ার ব্যবসায় জড়িত চাকরিজীবীদের লঘুদণ্ড হিসেবে তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি চাকরি থেকে বরখাস্ত করার কথা রয়েছে।সম্প্রতি সংস্থাপন মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠক থেকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ছাড়া কোনো কর্মকর্তা বা কর্মচারী শেয়ার ব্যবসায় কোনোভাবেই যাতে জড়িত না হতে পারেন, সে জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।জানতে চাইলে সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যেকোনো ফাটকা কারবার এবং বিনিয়োগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সরকারি চাকরিজীবীরা আচরণবিধি লঙ্ঘন করে শেয়ার ব্যবসায় অংশ নিয়েছেন। চাকরি বিধিমালায় স্পষ্ট এ বিষয়ে বলা রয়েছে। তার পরও তাঁরা তা মানেননি। বিধি না মেনে যাঁরা এ ফাটকা কারবার করেছেন, তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে চাকরিও চলে যেতে পারে বলে জানান সংস্থাপনসচিব। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদসচিব আকবর আলি খান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেয়ার ব্যবসায় নিরুৎসাহিত করা উচিত। এ ক্ষেত্রে যেসব নিয়মকানুন ও বিধিব্যবস্থা রয়েছে, তা আরও কঠোর ও স্পষ্ট করা প্রয়োজন। কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী যদি বেনামে শেয়ার ব্যবসায় জড়িত হন, তবে তাঁর বিরুদ্ধে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগ এনে ব্যবস্থা নেওয়া উচিত। বিধি আছে, শাস্তিও আছে। কিন্তু প্রয়োগ না করলে শেয়ার ব্যবসায় সরকারি চাকরিজীবীদের অংশগ্রহণ আরও বাড়বে বলেও মনে করেন তিনি। বিধিতে যা আছে: সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯ এর ১৫ নং বিধিতে ‘ফাটকা কারবার এবং বিনিয়োগের’ কথা উল্লেখ করে বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারী ফাটকা কারবারে বিনিয়োগ করতে পারবেন না। যে সিকিউরিটিজের মূল্য প্রতিনিয়ত অস্বাভাবিকভাবে ওঠানামা করে, তা ক্রয়-বিক্রয় ফাটকা কারবারে বিনিয়োগ হিসেবে গণ্য হবে।’একই বিধির ২ উপধারায় বলা হয়েছে ‘যে বিনিয়োগের ফলে সরকারি-কর্মচারী সরকারি কার্যসম্পাদনে প্রভাবান্বিত হতে পারেন অথবা সরকারি কর্তব্য সম্পাদনে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, সরকারি কর্মচারী নিজে সে ধরনের কোনো বিনিয়োগ করতে অথবা তাঁর পরিবারের কোনো সদস্যকে ওই রূপ বিনিয়োগ করার অনুমতি প্রদান করতে পারবেন না।’আবার বিধির ৩ উপধারায় বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারী এমন কোনো কিছুতে বিনিয়োগ করতে পারবেন না, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যার মূল্যের পরিবর্তন সম্পর্কিত তথ্য একজন সরকারি কর্মচারী হিসেবে তিনি জ্ঞাত, কিন্তু সাধারণ জনগণ তার অনুরূপ জ্ঞাত নয়।’অন্যদিকে বিধির ১৭ ধারায় বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারী সরকারের পূর্বানুমোদন ব্যতিরেকে সরকারি কার্য ব্যতীত অন্য কোনো ব্যবসায়ে জড়িত হতে অথবা অন্য কোনো চাকরি বা কার্য গ্রহণ করতে পারবেন না।’সূত্র জানায়, এসব বিধি লঙ্ঘনের অভিযোগে কারও বিরুদ্ধে সরকারি কর্মচারী (আপিল ও শৃঙ্খলা) বিধিমালা ১৯৮৫-এর অধীনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে।সংস্থাপন মন্ত্রণালয় সূত্রমতে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি বড় অংশ শেয়ার ব্যবসায় জড়িত হয়েছেন। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অনেকেই এই ব্যবসার সঙ্গে জড়িত।শেয়ারবাজারে বিনিয়োগ করার জন্য বেনিফিশিয়ারি ওনার্স বা বিও অ্যাকাউন্ট নিজের নামে না খোলার জন্য এই ব্যবসায় জড়িত ব্যক্তিদের সঠিক পরিসংখ্যান নেই। তবে সংস্থাপন মন্ত্রণালয় তাদের নিজস্ব উদ্যোগে এ-সংক্রান্ত তথ্য বের করার চেষ্টা করছে বলে জানা গেছে।সচিবালয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিব থেকে শুরু করে পিয়ন পর্যন্ত প্রায় সব অফিস কক্ষেই শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত থাকার চিত্র পাওয়া যায়। কর্মস্থলের কম্পিউটারে প্রকাশ্যে শেয়ারের দাম ওঠানামার হিসাব মিলিয়ে নিতে হরহামেশাই দেখা যায়। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অনেক কর্মকর্তা-কর্মচারী শেয়ার ব্যবসায় জড়িত হওয়ায় কাজে মনোযোগ দিতে পারেন না। ঠিক সময় ফাইল ছাড়েন না। এ রকম অনেক প্রমাণ রয়েছে। তিনি আরও বলেন, সম্প্রতি শেয়ার ব্যবসায় ধস নামার কারণে অনেকেই পুঁজি হারিয়ে একদিকে যেমন বিমর্ষ হয়ে পড়েছেন, অন্যদিকে তাঁদের কেউ কেউ ঘুষের দিকেও ঝুঁকছেন।তদন্ত প্রতিবেদনে যা আছে: ৭ এপ্রিল সরকারের কাছে জমা দেওয়া তদন্ত কমিটিতে সরকারি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের শেয়ার লেনদেনের বিষয়ে বলা হয়েছে, সরকারি এবং নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের মধ্যে শেয়ার লেনদেনের প্রবণতা সাম্প্রতিক সময়ে বেড়েছে। অফিসের কাজকর্ম ফেলে কম্পিউটারে বসে শেয়ার ট্রেডিংয়ে ব্যস্ত থাকার দৃশ্য প্রতিটি অফিসেই দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক এবং এসইসিতে এমন ঘটনা অহরহ দেখা যাচ্ছে, ব্যাংকগুলোতেও এই প্রবণতা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিউচুয়াল ফান্ড, আইপিওসহ বিভিন্ন ক্ষেত্রে বাজারমূল্যের চেয়ে অনেক কমমূল্যে প্লেসমেন্টে শেয়ার প্রদান ঘুষ দেওয়ার নতুন সংস্করণ হিসেবে আবির্ভূত হয়েছে। প্রভাবশালী কর্মকর্তারা ‘বেনামি’তে প্লেসমেন্ট নিয়ে থাকেন। সরকারি তথা প্রভাবশালী মহল সুবিধা নেওয়ার ফলে নিয়ন্ত্রক সংস্থা নিয়ন্ত্রণযোগ্য মহলের দ্বারা প্রভাবিত হয়েছে এবং অকার্যকর হয়ে পড়েছে।তদন্ত প্রতিবেদনের সুপারিশে বলা হয় এসইসি, ঢাকা ও চট্টগ্রাম এক্সচেঞ্জ, সিডিবিএল, বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকসহ কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেয়ার লেনদেন সম্পূর্ণ বন্ধ করতে হবে। চাকরিবিধিতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত করে তা বাস্তবায়ন করতে হবে। কর্মকর্তারা নিজ নামে, স্ত্রী, সন্তান, ভাই, বোন, পিতা, মাতা অথবা বেনামিতে শেয়ার লেনদেন করতে পারবেন না। প্রমাণ হলে গুরুদণ্ডের বিধান থাকতে হবে। মার্চেন্ট ব্যাংকার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং ব্রোকার ডিলার কোম্পানির কর্মকর্তারা নিষেধাজ্ঞা মেনে চলবেন। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তারা শেয়ারে বিনিয়োগ করতে পারবেন কিন্তু প্লেসমেন্ট নিতে পারবেন না।তদন্ত প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের মধ্যে এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূইয়া ও তাঁর স্ত্রী রোকসানা আখতার, আইসিবির সাবেক উপমহাব্যবস্থাপক, বর্তমানে হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের মহাব্যবস্থাপক কফিল উদ্দিন আহমেদ, তাঁর স্ত্রী ফারজানা আকতার এবং স্ত্রীর ভাই মনসুর বিল্লাহের নামে শেয়ার ব্যবসার প্রমাণ মিলেছে।