বিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক বিচার
আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের জন্য করা বিধিমালা লঙ্ঘনকারীর তাৎক্ষণিক শাস্তির বিধান করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জন্য কাজ করবেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করবেন। নির্বাচনের দিন পর্যন্ত নির্বাচনী অপরাধ দমনে এসব আদালত সক্রিয় থাকবেন।এ-সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে নির্বাচনী আইন ও বিধি অমান্যকারী ব্যক্তিদের দুই বছর পর্যন্ত জেল-জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবেন এ আদালত। এর বাইরে বিচারিক ম্যাজিস্ট্রেটও নির্বাচনী অপরাধ দমনের কাজে নিয়োজিত থাকবেন।এ দুটি স্থানীয় সরকার নির্বাচনে এবারই প্রথম প্রার্থীদের জন্য বিধিমালা তৈরি করা হয়েছে। বিধিমালায় এসব নির্দেশনা রাখা হয়েছে। নির্বাচন কমিশনের তৈরি করা এ দুটি বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এসব বিধিমালা আইনের অংশ হিসেবে গণ্য হবে।সংক্ষিপ্ত আদালতে তাৎক্ষণিক বিচার সম্পর্কে বিলুপ্ত স্থানীয় সরকার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেন, এটি খুবই ভালো কাজ হয়েছে। কারণ নির্বাচনে সহিংসতা এড়াতে এ ধরনের আইন ও বিধি প্রয়োজন। এতে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। নির্বাচনে প্রার্থীর খরচের সীমা বেঁধে দেওয়া প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, এটিও ভালো উদ্যোগ। তবে এটি দেখার জন্য কার্যকর ব্যবস্থা রাখতে হবে।এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় পর্যায়ে দলীয় প্রার্থী দিলে মানুষের পছন্দ করার সুযোগ থাকবে না। আর রাজনৈতিক দলও এতে লাভবান হবে না। কারণ স্থানীয়ভাবে এক দলের দুজন প্রার্থী হলে মানুষ তার পছন্দমতো নেতা নির্বাচন করতে পারে। আর নির্বাচিত হওয়ার পর তিনি দলেরই থাকবেন। কিন্তু দলীয়ভাবে একজনকে মনোনয়ন দিলেও দলের একাধিক প্রার্থী হওয়া ঠেকানো কঠিন হবে। তা ছাড়া দলীয়ভাবে প্রার্থী দিলে ‘মনোনয়ন-বাণিজ্য’ হওয়ার সম্ভাবনা রয়েছে।এসব বিধিমালা লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলের মতো সর্বোচ্চ ক্ষমতা রাখা হয়েছে নির্বাচন কমিশনের হাতে। এ ছাড়া আর্থিক জরিমানাসহ বিভিন্ন ধরনের দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এসব বিধিমালা ঠিকমতো মানা হচ্ছে কি না, তা দেখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেওয়া হবে। ম্যাজিস্ট্রেটরা যেকোনো বিধিমালা লঙ্ঘনের জন্য প্রার্থীদের শাস্তি দিতে পারবেন।পৌরসভা ও ইউপি নির্বাচনের ব্যয়সীমাও এবার প্রথমবারের মতো বেঁধে দেওয়া হয়েছে। মেয়র ও চেয়ারম্যান পদে প্রার্থীরা সর্বোচ্চ পাঁচ লাখ এবং কাউন্সিলর ও সদস্যরা এক লাখ টাকা নির্বাচনে ব্যয় করতে পারবেন। আগে এ নির্বাচনে প্রার্থীদের কোনো ব্যয়সীমা ছিল না। পাশাপাশি প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীর ব্যাংক হিসাব খোলা, ব্যাংক হিসাবের মাধ্যমে খরচ করা, নির্বাচন অনুষ্ঠানের ৩০ দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যয়ের হিসাব দিতে হবে।ইউনিয়ন ও পৌরসভা দুটি নির্বাচনেই শুধু প্রার্থীর ছবি (পোর্ট্রেট) ছাড়া অন্য কারও ছবিও নির্বাচনী পোস্টারসহ কোনো প্রচারে ব্যবহার করা যাবে না। এ দুটি নির্বাচনে কোনো রাজনৈতিক দলের নেতার ছবি বা রাজনৈতিক পরিচয় প্রকাশও নিষিদ্ধ করা হয়েছে।সরকারি দল আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল দলীয়ভাবে প্রার্থী ঠিক করলেও দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ নেই। তবে বাইরে থেকে কোনো রাজনৈতিক দল যেকোনো প্রার্থীকে সমর্থন দিতে আইনগত বাধা নেই।পৌর ও ইউপি দুটি নির্বাচনেই কোনো প্রার্থী জনসভা কিংবা শোভাযাত্রা করতে পারবেন না। তবে পথসভা করতে পারবেন। প্রত্যেক মেয়র বা চেয়ারম্যান পদপ্রার্থী একটি এবং কাউন্সিলর বা সদস্য নিজ ওয়ার্ডে একটি নির্বাচনী অফিস খুলতে পারবেন। তবে ওয়ার্ডের সংখ্যা বেশি থাকলেও কোনো প্রার্থী পাঁচটির বেশি অফিস করতে পারবেন না।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী জানুয়ারির শেষ সপ্তাহে মেয়াদোত্তীর্ণ ২৭২টি পৌরসভা নির্বাচন হবে। আর মেয়াদোত্তীর্ণ হওয়া প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হবে মার্চের শেষ দিকে। এটি শেষ হতে হতে এপ্রিল পর্যন্ত গড়াতে পারে। সপ্তাহজুড়ে পৌরসভা ও মাসব্যাপী ইউপি নির্বাচনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের অধিকাংশের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক দিন আগে। আইনগত জটিলতা থাকায় এত দিন কমিশন এসব নির্বাচনের উদ্যোগ নিতে পারেনি। তবে সংসদের গত অধিবেশনে এ-সংক্রান্ত দুটি আইন পাস হয়ে যাওয়ায় এখন এসব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, পৌরসভা ও ইউপি নির্বাচনের প্রার্থীদের জন্য এবারই প্রথম ব্যয়সীমা বেঁধে দেওয়া হয়েছে। রাজনৈতিক পরিচয়ও এ নির্বাচনে ব্যবহার করার সুযোগ নেই।নির্বাচনী বিধিমালা অনুসারে নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো উন্নয়নমূলক প্রকল্প বা গম-চাল বিতরণের উদ্যোগ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যাংক হিসাব খোলা, ব্যাংক হিসাবের মাধ্যমে খরচ করা, নির্বাচন অনুষ্ঠানের ৩০ দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যয়ের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এ বিধিমালা যথাযথভাবে প্রার্থীরা অনুসরণ করছেন কি না, তা পর্যবেক্ষণ করতে কমিশনের নিজস্ব পর্যবেক্ষক টিম কাজ করবে। বিধিমালা লঙ্ঘনে প্রার্থিতা বাতিল ও সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে ভ্রাম্যমাণ আদালত দুই বছর পর্যন্ত দণ্ড দিতে পারবেন।নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনে নির্বাচনী আইন ও বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন। এ আদালত তাৎক্ষণিকভাবে দোষী ব্যক্তিকে দুই বছর পর্যন্ত জেল দিতে পারবেন।এর আগে ১৯৭৩, ’৭৭, ’৮৩, ’৮৪, ’৮৮, ’৯২, ’৯৭ এবং সর্বশেষ ২০০৩ সালের ২০ জানুয়ারি থেকে ১৬ মার্চ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। আর সর্বশেষ পৌরসভা নির্বাচন হয়েছিল ২০০৫ সালের ৫ থেকে ১০ মে।