বিধি লঙ্ঘন করে নিযুক্ত ১৮৩৭ জন নিয়মিত হলেন
বিধি লঙ্ঘন করে নিয়োগ দেওয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক হাজার ৮৩৭ জন কর্মকর্তা ও কর্মচারীকে এক আদেশে নিয়মিত করা হয়েছে। গত ২০ থেকে ২৫ বছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতের শূন্য পদে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে ওই নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের নিয়মিত করে ভূতাপেক্ষ সম্মতি দেওয়া হয়। এর আগে গত ১১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে অনুরূপ সম্মতি দেয়। তবে বিষয়টি ভবিষ্যতে কখনো নজির হিসেবে ব্যবহার না করতে সতর্ক করে দিয়েছে মন্ত্রণালয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রচলিত নিয়মের ব্যত্যয় করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়াই এই কর্মকর্তা ও কর্মচারীদের রাজস্ব খাতে পদায়ন করা হয়েছিল। গত ১০ বছরে বেশ কয়েকবার এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবার তা নাকচ করে দেওয়া হয়েছিল।এ প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘মানবিক কারণেই তাঁদের নিয়মিত করা হয়েছে। এঁদের অনেকেই বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। যেহেতু তাঁরা ২০ থেকে ২৫ বছর ধরে কর্মরত রয়েছেন এবং রাজস্ব খাত থেকে বেতন-ভাতা পেয়েছেন, সেহেতু তাঁদের বেতন দিতে সরকারের বাড়তি কোনো ব্যয়ও হবে না।’মন্ত্রণালয় সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগ থেকে রাজস্ব খাতে নিয়মিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দুই হাজার ৬৮২ কর্মকর্তা-কর্মচারীর তালিকা পাঠানো হয়েছিল। সেখান থেকে ৮৪৫ জনকে বাদ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, প্রচলিত বিধান অনুসারে মাস্টাররোল বা কার্যভিত্তিক নিয়োগ পাওয়া ৬৩৭ জন এবং ১৯৯৭ সালের ৩০ জুন উন্নয়ন প্রকল্পে নিয়োগ পাওয়া ২০৮ জনকে নিয়মিত করা যাবে না। স্থানীয় সরকার বিভাগের তালিকা অনুযায়ী এই কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে রয়েছেন চৌকিদার ও এমএলএসএস ৪৭৯ জন, এমোনিয়া মেশিন অপারেটর একজন, গাড়িচালক ১৪৩, কার্যসহকারী ৫৬৮, সার্ভেয়ার ১৪৬, হিসাব সহকারী ২১৬, অফিস সহকারী ১৭৭, সিসিটি ১৫৩, ইলেকট্রিশিয়ান ১২৪, হিসাবরক্ষক ৭১, উচ্চমান সহকারী ১৬, সাঁট মুদ্রাক্ষরিক ১৫, কমিউনিটি সংগঠক ৫৫, ল্যাবরেটরি টেকনিশিয়ান ১২, সাঁটলিপিকার ৩, উপসহকারী প্রকৌশলী/সমমানের কর্মকর্তা ৪৮৯ ও সহকারী প্রকৌশলী ১৪ জন। সূত্রমতে, এ-সংক্রান্ত সারসংক্ষেপে বলা হয়েছে, দক্ষ জনবলের প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে অভিজ্ঞতা বিবেচনা করে পর্যায়ক্রমে প্রায় তিন হাজার জনবল রাজস্ব খাতে স্থানান্তর করা হয়েছে। নিয়োগে অনিয়ম বিষয়ে এতে বলা হয়, জরুরি উন্নয়নকাজের প্রয়োজনে প্রকল্প থেকে রাজস্ব খাতের শূন্য পদে স্থানান্তরের প্রচলিত নিয়মে আপাতদৃষ্টিতে কিছু ব্যত্যয় হলেও তখন এটা অপরিহার্য ছিল। প্রক্রিয়াগত ত্রুটির কারণে তাঁদেরকে অব্যাহতি দিয়ে নতুন কর্মচারী নিয়োগ করাও বর্তমানে যুক্তিসংগত হবে না। এতে দক্ষ জনবলের শূন্যতাসহ নানা জটিলতা সৃষ্টি হবে।২০১১ সালের ৩১ মে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই সারসংক্ষেপ পাঠান। এর প্রায় এক বছর পর এক হাজার ৮৩৭ জন কর্মকর্তা ও কর্মচারীকে রাজস্ব খাতের পদে নিয়মিত করা হলো।সচিব প্রথম আলোকে দেওয়া বক্তব্য ও সারসংক্ষেপে বাস্তবতার প্রয়োজন ও মানবিক কারণের কথা বললেও স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বিষয়টির সমালোচনা করেছেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের সম্মতির মধ্য দিয়ে নজির সৃষ্টি হলো। ভবিষ্যতে অনেকেই এ ধরনের কাজ করবে।’