বিধি লঙ্ঘন করে সীতাকুণ্ডের ইয়ার্ডে পুরোনো জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর, শুল্ক কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডে আমদানি করা একটি পুরোনো জাহাজ ভেড়ানো (বিচিং) হয়েছে। ফলে জাহাজে কোন ধরনের বর্জ্য ছিল, সেটা শনাক্ত করা যাচ্ছে না। হাইকোর্টের সর্বশেষ নির্দেশনা পাওয়ার পর এটাই হচ্ছে দেশে আমদানি করা প্রথম জাহাজ।জানা গেছে, জাহাজটির নাম ‘এফএসও চেলিস ভেঞ্চার’। এটি আসলে কোনো জাহাজ নয়, গভীর সাগরে ভাসমান একটি তৈলাধার (অয়েল ট্যাংক)। এটির কোনো ইঞ্জিন কিংবা প্রফেলার নেই। এ ধরনের ট্যাংকে সাগরপ্রান্তিক তেলক্ষেত্র থেকে উত্তোলিত অপরিশোধিত তেল জমা রাখা হয়। পরে এই তেল জাহাজে করে বিভিন্ন শোধনাগারে সরবরাহ করা হয়। অনেক সময় পরিশোধিত তেলও এ ধরনের জাহাজে রাখা হয়। সাগরে ভাসমান জাহাজগুলো নিজেদের জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য এ ধরনের ট্যাংক থেকে তেল সংগ্রহ করে।জানা যায়, বিধিসম্মতভাবে না ভেড়ানোয় পরিবেশ অধিদপ্তর ১৩ এপ্রিল আমদানিকারক প্রতিষ্ঠান পেনিনসুলা স্টিল মিলসকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ২৪ এপ্রিলের মধ্যে জবাব দিতে বলে। কিন্তু সময়মতো সন্তোষজনক জবাব না পেয়ে অধিদপ্তর জাহাজটি জব্দ করার সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠানটি নোটিশের জবাব দেয় ২৫ এপ্রিল।নোটিশে বলা হয়, ‘পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে হাইকোর্টের নির্দেশনা অমান্য করে এফএসও চেলিস ভেঞ্চার নামের পুরোনো জাহাজ ইয়ার্ডে ভেড়ানো হয়েছে। এটি আইনের লঙ্ঘন।’পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মো. জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘নিয়ম অনুযায়ী, কোনো জাহাজ আমদানির পর তা পরিবেশ অধিদপ্তরকে জানাতে হয়। পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষজ্ঞ দল জাহাজ পরিদর্শন করে ছাড়পত্র দেওয়ার পরই কেবল ওই জাহাজ বিচিং করা যাবে। এফএসও চেলিস ভেঞ্চারের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। এ কারণে জাহাজে কোন ধরনের বর্জ্য ছিল, তা বোঝা যাচ্ছে না।’জাফর আলম বলেন, ‘আমদানিকারককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমদানিকারকের জবাব সন্তোষজনক না হওয়ায় এখন আমরা জাহাজটি জব্দ করার প্রক্রিয়া শুরু করেছি।’চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, বহির্নোঙর দিয়ে কোনো জাহাজ ভেড়াতে নেওয়ার আগে বন্দর কর্তৃপক্ষের বাধ্যবাধকতা রয়েছে। এফএসও চেলিস ভেঞ্চারের আমদানিকারক সেই নিয়ম মানেননি।বন্দর কর্তৃপক্ষের সদস্য (মেরিন অ্যান্ড হারবার) ক্যাপ্টেন এম শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘আমাদের অনুমোদন ছাড়াই এফএসও চেলিস ভেঞ্চার ইয়ার্ডে ভেড়ানো হয়েছে। তাই আইন লঙ্ঘনের দায়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে চিঠি দেওয়া হচ্ছে।’আমদানি নীতিমালা অনুযায়ী, পুরোনো জাহাজ আমদানি করতে নির্দিষ্ট হারে শুল্ক পরিশোধের বিধান আছে। এফএসও চেলিস ভেঞ্চার শুল্ক কর্তৃপক্ষের কোনো অনুমোদন ছাড়াই পুরোনো জাহাজটি ইয়ার্ডে নিয়ে গেছে।চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার (আমদানি) সৈয়দ গোলাম কিবরীয়া প্রথম আলোকে বলেন, আমদানিকারক প্রতিষ্ঠানকে জরিমানা করার প্রক্রিয়া শুরু হয়েছে।আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘জাহাজ আমদানির সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্রে উত্তাল পরিস্থিতি ছিল। এ অবস্থায় সব সংস্থার অনুমোদন নিতে গেলে আমার অনেক বড় ক্ষতি হতো। তাই কয়েকটি সংস্থাকে জানিয়ে তড়িঘড়ি জাহাজটি ভেড়ানো হয়েছে। এতে হাইকোর্টের নির্দেশনার কোনো লঙ্ঘন হয়নি।’প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ গত ৭ মার্চ পুরোনো জাহাজ আমদানি ও বিভাজনসংক্রান্ত ১৮ দফা নির্দেশনা দেন। এ নির্দেশনার সত্যায়িত অনুলিপি প্রচারিত হয় ৬ এপ্রিল। ৭ এপ্রিল সমুদ্র পরিবহন অধিদপ্তর এফএসও চেলিস ভেঞ্চার আমদানির ঋণপত্র খোলার অনুমোদন দেয়। চার দিনের মাথায় ১১ এপ্রিল এটি সীতাকুণ্ড উপকূলে জাহাজভাঙার ইয়ার্ডে ভেড়ানো হয়।