বিধি লঙ্ঘন করে ১৫ সাংসদ সংসদীয় স্থায়ী কমিটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে আবেদন করেছেন অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আবেদনে তিনি প্রচলিত আইনে এনবিআরের সঙ্গে মীমাংসার প্রস্তাব করে বলেন, তাঁর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনে যে মামলা করা হয়েছে, তা ঠিক নয়। এনবিআর অর্থ মন্ত্রণালয়ের অধীন। আর অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি নিজেই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করায় এনবিআর অস্বস্তিতে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।অনুসন্ধানে জানা যায়, কার্যপ্রণালি বিধি অনুযায়ী মোস্তফা কামাল অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি হতে পারেন না। কারণ কার্যপ্রণালি বিধির ১৮৮(২) অংশে বলা হয়েছে, এমন কোনো সদস্য সংসদীয় স্থায়ী কমিটিতে নিযুক্ত হবেন না, যাঁর ব্যক্তিগত, আর্থিক ও প্রত্যক্ষ স্বার্থ কমিটিতে বিবেচিত হতে পারে।এ বিষয়ে মন্তব্য জানতে বারবার চেষ্টা করেও মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।কার্যপ্রণালি বিধি অনুসারেই সংসদ কার্যক্রম পরিচালিত হয়। ১৯৭৪ সালের ২২ জুলাই কার্যপ্রণালি বিধি গৃহীত হয় সংসদে। কার্যপ্রণালি বিধি সংবিধানেরই অংশ। সংবিধানের ৭৫(১) ক অনুচ্ছেদে বলা আছে, সংসদ কর্তৃক প্রণীত কার্যপ্রণালি বিধি দ্বারা এবং অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কার্যপ্রণালি বিধি দ্বারা সংসদের কার্যপ্রণালি নিয়ন্ত্রিত হবে। অন্যদিকে সংবিধানের ৭৬(১) গ-তে বলা হয়েছে, সংসদের কার্যপ্রণালি বিধিতে নির্দিষ্ট সংসদ সদস্যদের মধ্য থেকে অন্যান্য স্থায়ী কমিটি গঠিত হবে।প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, কার্যপ্রণালি বিধি উপেক্ষা করে প্রত্যক্ষ, আর্থিক বা ব্যক্তিগত স্বার্থ রয়েছে—এমন অন্তত ১৫ জন সাংসদকে বিভিন্ন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন আওয়ামী লীগের নূরে আলম চৌধুরী, শেখ মুজিবুর রহমান, তাজুল ইসলাম, গাজী গোলাম দস্তগীর, নসরুল হামিদ, এনামুল হক, এম আবদুল লতিফ, বজলুল হক, চয়ন ইসলাম, টিপু মুনশি, আবদুল ওয়াদুদ, সুকুমার রঞ্জন ঘোষ, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া ও বিএনপির মোশাররফ হোসেন।জানতে চাইলে সংসদের চিফ হুইপ আবদুস শহীদ প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে সংশ্লিষ্ট সাংসদেরা যে তথ্য দিয়েছিলেন, সেসবের ভিত্তিতেই বিভিন্ন মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটি করা হয়েছে। কিন্তু যদি এমন প্রমাণ কেউ দিতে পারেন যে কমিটিতে আছেন এমন সদস্যের প্রত্যক্ষ, ব্যক্তিগত বা আর্থিক স্বার্থ সেখানে জড়িত, তাহলে অবশ্যই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সরকারদলীয় সাংসদ শেখ মুজিবুর রহমান সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরে ঠিকাদারির ব্যবসা করেন। তাঁর প্রতিষ্ঠানের নাম দি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস। আর সওজের এই ঠিকাদার সাংসদকেই করা হয়েছে যোগাযোগ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি।এ বিষয়ে জানতে চাইলে শেখ মুজিবুর রহমান প্রথম আলোকে জানান, সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ যা করেছেন, সেভাবেই তিনি তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব তিনি ছেড়ে দিয়েছেন। তবে মাঝেমধ্যে পরামর্শ দেন।বিগত নির্বাচনে নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় ঢাকা-২ আসনের সাংসদ নসরুল হামিদ বলেছেন, তিনি হামিদ রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক। জানা যায়, এ প্রতিষ্ঠানটি ফ্ল্যাট নির্মাণ ও বিক্রি করে। অন্যদিকে নসরুল হামিদ রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সহসভাপতি। তাঁকে করা হয়েছে পূর্ত মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। জানা যায়, গণভবনের সংস্কারকাজ চলছে নসরুল হামিদের তত্ত্বাবধানে। কেরানীগঞ্জে প্রিয়প্রাঙ্গণ নামে তাঁর কোম্পানির একটি আবাসিক প্রকল্প রয়েছে।সংসদের হুইপ নূরে আলম চৌধুরী নৌপরিবহন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি। জানা যায়, তিনি নৌপরিবহন খাতের একজন ব্যবসায়ী। হারবার সার্ভিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক তিনি। এ প্রতিষ্ঠানের লঞ্চসহ নদীপথে বাণিজ্যিকভাবে চলাচলকারী আরও পরিবহন আছে।রাজশাহী থেকে নির্বাচিত সাংসদ এনামুল হক পূর্ত মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য। তিনি এনা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবাসিক ও বাণিজ্যিক ফ্ল্যাট নির্মাণ করে এনা প্রপার্টিজ। জানতে চাইলে এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘আমি প্রথম নির্বাচিত হয়েছি। সংসদীয় কমিটি গঠনের সময় কার্যপ্রণালি বিধি সম্পর্কে আমার ধারণা ছিল না। এখন এ ব্যাপারে সংসদ নেতা যে সিদ্ধান্ত নেবেন, তা মেনে নেব।’অনুসন্ধানে জানা গেছে, বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির সাংসদ গোলাম কিবরিয়া নৌপরিবহন মালিক সমিতির উপদেষ্টা। তিনি নৌপরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। ফারহান নেভিগেশন নামে তাঁর একটি প্রতিষ্ঠান আছে। গত নির্বাচনে নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় এটির উল্লেখ ছিল। তাঁকে নৌপরিবহনসংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।জানা যায়, ঝালকাঠি-২ আসনের সরকারদলীয় সাংসদ বজলুল হক রাজবীথি ট্রাভেলসের কর্ণধার। এ প্রতিষ্ঠানটি হজ ও ওমরার জন্য বাণিজ্যিকভাবে সৌদি আরবে লোক পাঠানোর কাজ করে। আর এর সঙ্গে বিভিন্ন সময় ধর্ম মন্ত্রণালয়ের নানা বিষয় জড়িত থাকে। বজলুল হক ধর্ম মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন।ফেনী-৩ আসনের বিএনপির সাংসদ মোশারফ হোসেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বে-ইস্টার্নের কর্ণধার। এ প্রতিষ্ঠানটি বিদেশে শ্রমিক রপ্তানির সঙ্গে যুক্ত।সিরাজগঞ্জ-৬ আসনের সাংসদ চয়ন ইসলাম, রংপুর-৪ আসনের সাংসদ টিপু মুনশি ও রাজশাহী-৫ আসনের সাংসদ আবদুল ওয়াদুদ তিনজনই তৈরি পোশাকশিল্প রপ্তানি খাত ও বস্ত্র খাতসংশ্লিষ্ট ব্যবসায়ী। এ তিন সাংসদকেই বস্ত্র ও পাট মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য রাখা হয়েছে। অন্যদিকে টিপু মুনশি বাণিজ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতেও সদস্য হিসেবে আছেন।আরও জানা যায়, চট্টগ্রাম-১০ আসনের সরকারদলীয় সাংসদ এম আবদুল লতিফ বাণিজ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য। এম আবদুল লতিফ চট্টগ্রাম চেম্বারের সভাপতি। আর চেম্বার নিয়ন্ত্রণকারী সংস্থা হলো বাণিজ্য মন্ত্রণালয়। অন্যদিকে চলচ্চিত্র ব্যবসার সঙ্গে জড়িত মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষকে তথ্য মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।এসব বিষয়ে জানতে চাইলে প্রবীণ সাংসদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, সংসদীয় কমিটিতে নিজ স্বার্থসংশ্লিষ্ট কোনো সাংসদকে রাখা অনৈতিক। পাশাপাশি এটি কার্যপ্রণালি বিধির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, খুব স্বাভাবিকভাবেই স্থায়ী কমিটিতে সংশ্লিষ্ট সাংসদেরা পক্ষপাতদুষ্ট হয়ে সিদ্ধান্ত নেবেন, সুপারিশ করবেন—এটাই স্বাভাবিক। এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।সরকারি দলের প্রবীণ সদস্য এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, কার্যপ্রণালি বিধির বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই। এর বেশি কিছু বলতে তিনি অস্বীকার করেন।সরকারি দলের একজন প্রভাবশালী সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিভিন্ন ব্যবসায়ী-সাংসদ তাঁর স্বার্থ আছে এমন সব সংসদীয় কমিটিতে নিজেকে অন্তর্ভুক্ত করতে নানাভাবে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন সময় তদবির করেন। তাই অনেকটা বাধ্য হয়ে কার্যপ্রণালি বিধি উপেক্ষা করা হয়েছে।সার্বিক বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, যে বিধির ভিত্তিতে সংসদ চলে, তা লঙ্ঘন করে যদি কিছু সাংসদ বিভিন্ন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি বা সদস্য হন, তাহলে বুঝতে হবে সেখানে তাঁর বিশেষ উদ্দেশ্য আছে। আর এ ধরনের বিশেষ উদ্দেশ্য পূরণের সুযোগ তাঁদের কেন দেওয়া হবে, এ যুক্তি অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিদের দিতে হবে। তিনি বলেন, কোনো অবস্থায়ই সাংসদেরা জবাবদিহির ঊর্ধ্বে নন। অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।