বিধিবহির্ভূত প্লট বরাদ্দ, ব্যবস্থা না নেওয়ার কমিটির ক্ষোভ
রাজধানীর গুলশান ও বনানী এলাকার বিভিন্ন জমি বিধিবহির্ভূতভাবে প্লট আকারে বরাদ্দ দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল সাত মাস আগে। কিন্তু গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সেই সুপারিশ বাস্তবায়ন করা হয়নি। আজ রোববার সংসদীয় কমিটির বৈঠকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। সংসদ ভবনে কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, বিগত সরকারের আমলে রাজউক গুলশান ও বনানীর বেশ কিছু জায়গা প্লট আকারে বরাদ্দ দিয়েছিল। রাজউকের নকশা অনুযায়ী এগুলো পেট্রল পাম্প, খেলার মাঠ, শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্মুক্ত স্থান হিসেবে চিহ্নিত। কমিটি এই প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল গত বছরের ২৯ মার্চ। বৈঠক শেষে কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, সুপারিশ করার পর সাত মাস পার হয়ে গেলেও রাজউক এখনো তা বাস্তবায়ন করেনি। এ জন্য কমিটির আগামী বৈঠকে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের নামের তালিকা উপস্থাপন করতে বলা হয়েছে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, নূর-ই-আলম চৌধুরী, আবদুস ছাত্তার, আসাদুজ্জামান খাঁন, জহিরুল হক ভুঞা, কে এম খালিদ ও আজিজুল হক চৌধুরী অংশ নেন।