বিধিবিধান না মেনেই দেশের বিভিন্ন এলাকায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাষ্ট্রদ্রোহ মামলা করার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব অনুমোদন নেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে মামলা করা হচ্ছে। খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা থেকে নিয়ম মনে করিয়ে দিতে গত সপ্তাহে নির্দেশনা জারি করা হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মহানগর পুলিশ কমিশনার, বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকা উপমহাপরিদর্শক (ডিআইজি) ও জেলা প্রশাসকদের চিঠি দিয়ে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।ফৌজদারি কার্যবিধির ধারা ১৯৬ অনুযায়ী, রাষ্ট্রবিরোধী অপরাধের মামলা করার ক্ষেত্রে সরকারের অনুমোদনের কথা বলা আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় বলা হয়, দণ্ডবিধির কিছু ধারায় মামলা রুজু করার আগে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৯৬ ও ১৯৬-ক ধারা অনুযায়ী সরকারের অনুমোদন গ্রহণের আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এসব ধারার ব্যত্যয় করে অনুমোদন ছাড়াই দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হচ্ছে। পরে তদন্ত পর্যায়ে অথবা আদালতে অভিযোগপত্র দাখিল করার পরে সংশ্লিষ্ট তদন্তকারী পুলিশ কর্মকর্তা সরকারের অনুমোদন গ্রহণের কার্যক্রম শুরু করেন। ফলে আসামিরা সহজেই জামিন পাচ্ছেন ও বিচার-প্রক্রিয়ায় আইনগত জটিলতার সৃষ্টি হয়। তাই আইনের বিধান যথাযথভাবে অনুসরণ করে সরকারের অনুমোদন গ্রহণের বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। জানতে চাইলে আইজিপি হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, ইতিমধ্যেই পুলিশ সুপারদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁদের বলা হয়েছে, বিধিবিধানের বাইরে গিয়ে যেন এ ধরনের মামলা না করা হয়। অনুমোদন ছাড়া যেসব মামলা হয়েছে, সে ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে—এ প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে হবে। যদি কেউ আইন না জেনে করে থাকে তাহলে ভিন্ন কথা। তবে দায়িত্বে অবহেলার জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের আমলে দেশে প্রায় ১০০টি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি, সরকারবিরোধী প্রচারপত্র বিলি করাসহ জেলা পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কোন্দলের কারণেও রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। নেত্রকোনা জেলার মদন উপজেলার গোবিন্দ শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনের বিরুদ্ধে ২০১০ সালের ১১ নভেম্বর রাষ্ট্রদ্রোহ আইনে মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, তিনি ইউপি তথ্যসেবাকেন্দ্রের কম্পিউটার, প্রজেক্টরসহ আনুষঙ্গিক জিনিস ইউনিয়ন পরিষদে না রেখে নিজের বাসায় নিয়ে রাখেন। মদন থানার পুলিশ গত বছরের ২ ফেব্রুয়ারি আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্র দাখিলের নয় মাস পর এ রাষ্ট্রদ্রোহ মামলাটির অনুমোদন চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো হয়।এভাবে বাছ-বিচার ছাড়াও রাষ্ট্রদ্রোহ মামলা করার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, এমন অভিযোগ তিনিও শুনেছেন। তিনি বলেন, ‘সঠিকভাবে অনুমোদন নেওয়া হলে এ রকম বাছ-বিচার ছাড়া মামলার সুযোগ থাকবে না। এ কারণেই আমরা কড়া নির্দেশ দিয়ে বলেছি, এভাবে যাতে আর মামলা করা না হয়।’ গত বছরের মে মাসে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল রানার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। মামলা করার পর ময়মনসিংহের জেলা প্রশাসক এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন চান বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।সর্বশেষ বেলজিয়াম-প্রবাসী আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের স্কাইপে কথোপকথন প্রকাশের ঘটনায় গত ১৩ ডিসেম্বর আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও রাষ্ট্রদ্রোহের মামলা হয়।মন্ত্রণালয় সূত্র জানায়, এ মামলার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়নি। মামলা দায়েরের ১৫ দিন পর থানা থেকে অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। এ নিয়ে পরে আইনগত জটিলতা এড়াতে পেছনের তারিখ দেখিয়ে অনুমোদন দেওয়া হয়। গত বছরের আগস্ট মাসে জামায়াত-শিবিরের ২৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু অনুমোদন দেওয়ার আগেই মামলাটি করা হয়। আর এতে আইনি সুবিধা পান আসামিরা। তাঁরা আদালত থেকে জামিন পান। জানতে চাইলে আইনজ্ঞ শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, হয়রানি, হেনস্তা ও ক্ষমতার অপব্যবহার করার জন্য এটি ফৌজদারি কার্যবিধির মোক্ষম ধারা। যদিও রাষ্ট্রদ্রোহ মামলায় কারও বিচার হয়ে শাস্তি হয়েছে এমন নজির অনেক কম। তবে রাষ্ট্রদ্রোহ মামলা যেহেতু বড় অপরাধ, সেহেতু আসামির জামিন সহজে হয় না। তিনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহ মামলা করা যায়, তা জেনেই এ ধরনের মামলা করতে হবে।