সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিচারপতি নিয়োগে বিধিমালা না হওয়া পর্যন্ত ভবিষ্যতে নিয়োগ পাওয়া বিচারপতিদের অভিনন্দন জানানো হবে না। ভবিষ্যতে আরও কঠোরভাবে এ বিষয়টি আসতে পারে বলেও তিনি জানান। বিচারক নিয়োগে বিধিমালা না হওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সমিতির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন আরও বলেন, ‘যাদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো অভিযোগ নেই। তবে বিচারক নিয়োগে স্বচ্ছতা থাকতে হবে। এ জন্য একটি নীতিমালা থাকবে। উচ্চ আদালত এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। কিন্তু এখনো বিচারক নিয়োগে বিধিমালা হয়নি।’ এর প্রতিবাদে সমিতির পক্ষ থেকে নতুন বিচারপতিদের অভিনন্দন জানানো হয়নি।খন্দকার মাহবুব হোসেন আরও বলেন, ‘নীতিমালা না করে বিচারক নিয়োগ দেওয়া হলে আমরা মনে করি দলীয়করণ হবে ও স্বচ্ছতার অভাব থাকবে। আপিল বিভাগের একটি রায় কার্যকর না করে বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে, এ থেকেই বোঝা যায় কতটা স্বচ্ছতা রক্ষা করা হচ্ছে।’ সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে আজ সকালে প্রধান বিচারপতি অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া ১০ বিচারপতিকে শপথ পাঠ করান। শপথ গ্রহণের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একাংশ ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে নতুন বিচারপতিদের অভিনন্দন জানানো হয়। তবে সমিতির সভাপতি-সম্পাদকসহ অপর পক্ষ নতুন বিচারপতিদের অভিনন্দন জানানো থেকে বিরত থাকেন।এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সাংবিধানিক পদের নিয়োগ নীতিমালা দিয়ে ঘেরাটোপে আবদ্ধ করা ঠিক হবে না। তিনি বলেন, সর্বোচ্চ আদালতে বিচারক নিয়োগ রুল ফ্রেম করে কন্ট্রোল করা যায় না। বিচারপতি নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নীতিমালা প্রণয়নের দাবি প্রশ্নে তিনি এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারক নিয়োগ আর ক্যাডার সার্ভিস এক নয়।বিচারক নিয়োগে নীতিমালা করা যায় কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক নেতারা ও সাংসদরা মনে করলে বিষয়টি বিবেচনায় নিতে পারেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন, যাঁরা এ মুহূর্তে নিয়োগ পেয়েছেন, তাঁদের বিষয়ে কথা বলার সময় এখন নয়। দুই বছরের যোগ্যতা প্রমাণ করতে না পারলে তাঁরা স্থায়ী না-ও হতে পারেন। যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁদের যোগ্যতা আছে বলেও তিনি মনে করেন।