বিধিমালা সংশোধনের দাবি করেছেন জাহাজভাঙা শিল্পমালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজভাঙা শিল্পকে সুশৃঙ্খল ও পরিবেশসম্মত করার লক্ষ্যে প্রক্রিয়াধীন বিধিমালার সমালোচনা করেছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ)। তাদের অভিযোগ, ‘জাহাজভাঙা ও বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০১০’ শীর্ষক বিধিমালা প্রণীত হলে শিল্পটি বন্ধ হয়ে যাবে। তারা বিধিমালা সংশোধনের দাবি জানায়। আজ শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিএসবিএ এই অভিযোগ করে। বিএসবিএর সভাপতি জাফর আলম লিখিত বক্তব্য পাঠ করেন। এতে সহসভাপতি কামাল উদ্দিন, উপদেষ্টা আনাম চৌধুরী প্রমুখ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অভিযোগে বলা হয়, এই বিধি প্রণয়নের জন্য যে কমিটি করা হয়েছে তাতে দুটি এনজিওকে প্রতিনিধি রাখা হয়েছে, যাঁরা শিপব্রেকিং ইয়ার্ড ধ্বংসের ষড়যন্ত্র করছেন। বিধিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, বিধিটি সংশোধনে তাঁদের কোনো মতামত নেওয়া হয়নি। খসড়া বিধিমালায় তাঁরা এ শিল্পকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করার সমালোচনা করেন।