বিধিমালায় প্রথম ইউপি নির্বাচন
প্রথমবারের মতো নির্বাচনী বিধিমালার অধীনে আজ মঙ্গলবার থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হচ্ছে। উপকূলীয় ১২ জেলার ৫৬৮টি ইউনিয়ন পরিষদে আজ শুরু হচ্ছে প্রথম পর্যায়ের নির্বাচন। বাকি প্রায় চার হাজার ইউপিতে আগামী মে মাসে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। দেশে বর্তমানে চার হাজার ৫০২টি ইউনিয়ন পরিষদ রয়েছে।এর আগে ইউপি নির্বাচনের জন্য পৃথক আইন থাকলেও কোনো বিধিমালা ছিল না, শুধু জাতীয় সংসদ নির্বাচনের বিধিমালা ছিল। এবার ইউপি নির্বাচনের জন্য নতুন আইন এবং ওই আইন অনুসারে বিধিমালা করা হয়েছে।বিধিমালা অনুযায়ী, নির্বাচনী আইন ও বিধি লঙ্ঘন এবং নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারে প্রতিটি ইউনিয়নে একজন করে বিচারিক ও একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। নির্বাচনী এলাকাগুলোয় নির্বাহী হাকিমের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা টহল দেবেন।বিধিমালায় ইউপি নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থীদের ব্যয়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ অনুযায়ী নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীরা সর্বোচ্চ পাঁচ লাখ এবং সদস্য পদের প্রার্থীরা এক লাখ টাকা ব্যয় করতে পারবেন। প্রত্যেক চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যাংক হিসাব খোলা, ব্যাংক হিসাবের মাধ্যমে খরচ করা, নির্বাচন অনুষ্ঠানের ৩০ দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যয়ের হিসাব দিতে হবে।ইউপি নির্বাচনে কোনো প্রার্থী রাজনৈতিক দলের নাম ও পরিচয় ব্যবহার করতে পারবেন না। প্রার্থীর পোর্ট্রেট ছবি ও প্রতীক ছাড়া অন্য কারও ছবি নির্বাচনী পোস্টারসহ কোনো প্রচারণায় ব্যবহার করা যাবে না। পোস্টার হবে সাদাকালো। পোস্টারের নিচে অবশ্যই মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, পোস্টারের সংখ্যা ও ছাপানোর তারিখ উল্লেখ থাকতে হবে। বিধিমালা অনুসারে কোনো প্রার্থী জনসভা কিংবা শোভাযাত্রা করতে পারবেন না, তবে পথসভা করতে পারবেন। প্রত্যেক চেয়ারম্যান পদপ্রার্থী প্রতি ওয়ার্ডে একটি এবং প্রত্যেক সদস্য পদপ্রার্থী নিজ ওয়ার্ডে একটি নির্বাচনী কার্যালয় খুলতে পারবেন। বিধিমালায় নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো উন্নয়নমূলক প্রকল্প বা গম-চাল বিতরণের উদ্যোগ নিষিদ্ধ করা হয়েছে।এই বিধিমালা যথাযথভাবে প্রার্থীরা অনুসরণ করছেন কি না, তা পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক দল কাজ করবে। বিধিমালা লঙ্ঘনে প্রার্থিতা বাতিল ও সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।ইউপি নির্বাচনে এবারই প্রথম নির্বাচনী আইন ও বিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের বিচারের দায়িত্ব ম্যাজিস্ট্রেটদের দেওয়া হয়েছে।নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন ও বিধিমালা মেনে করা হচ্ছে। সে জন্য অন্য যেকোনো সময়ের চেয়ে এবারের নির্বাচন সুশৃঙ্খল হবে। তিনি বলেন, ইউপি নির্বাচনের জন্য এবারই প্রথম বিধিমালা প্রণয়ন করা হয়েছে।নির্বাচন কমিশন জানায়, উপকূলীয় ১২ জেলার ৭২টি উপজেলার ৫৬৮ ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ৩২ হাজারেরও বেশি ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে তিন হাজার ৯৫, সংরক্ষিত সদস্য পদে ছয় হাজার ৭৭৫ ও সাধারণ সদস্য পদে ২২ হাজার ৩৭৭ জন প্রার্থী রয়েছেন। এর আগে ১৯৭৩, ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭ এবং সর্বশেষ ২০০৩ সালে ইউপি নির্বাচন হয়।