বিধিমালায় সংশোধনী, যুক্ত হলো সাক্ষী সুরক্ষা ও জামিনের বিধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যপ্রণালি বিধিমালায় সাক্ষী সুরক্ষা ও অভিযুক্ত ব্যক্তির জামিনের বিধান সংযোজনসহ ২৩টি সংশোধনী আনা হয়েছে।ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম গতকাল রোববার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। এ নিয়ে বিধিমালা দ্বিতীয় দফা সংশোধিত হলো। এ বিষয়ে গত ২৮ জুন ট্রাইব্যুনাল প্রজ্ঞাপন জারি করেন। গত বছরের ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আইন, ১৯৭৩-এর ২২ ধারা অনুসারে ট্রাইব্যুনাল তাঁর বিধিমালা প্রণয়ন করেন। পরে ২৮ অক্টোবর প্রথমবারের মতো বিধিমালা সংশোধিত হয়।সাক্ষী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তির (ভিকটিম) সুরক্ষা: সাক্ষী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সুরক্ষা দিতে বিধিমালায় ষষ্ঠ-ক অধ্যায় সংযোজন করা হয়েছে। এ অধ্যায়ের ৫৮ক অনুসারে, ট্রাইব্যুনাল সাক্ষী অথবা ভিকটিমের সুরক্ষা ও গোপনীয়তা রক্ষার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন। এ ছাড়া সাক্ষী বা ভিকটিমের প্রার্থনার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে সরকার তাঁদের জন্য বাসস্থান, নিরাপত্তা ও তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় বিচারকক্ষে আনা-নেওয়ার ব্যবস্থা করবে।আন্তর্জাতিক অপরাধ আইন, ১৯৭৩-এর ১০(৪) ধারা অনুসারে ক্যামেরা কার্যক্রম অনুষ্ঠানের ক্ষেত্রে উভয় পক্ষের আইনজীবী (রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ) সাক্ষীর পরিচয় এবং ওই কার্যক্রমের তথ্য গোপন রাখার জন্য অঙ্গীকার করবেন। এ অঙ্গীকার ভঙ্গকারীর বিরুদ্ধে ট্রাইব্যুনাল শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন।বিধি-২-এর উপবিধি (২৬)-এ ক্ষতিগ্রস্ত ব্যক্তির সংজ্ঞা সংযোজন করা হয়েছে। সংজ্ঞা অনুসারে ভিকটিম হলেন এমন ব্যক্তি, যিনি মানবতাবিরোধী অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ প্রভৃতি অপরাধ সংঘটনের কারণে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।শাহিনুর ইসলাম সাংবাদিকদের বলেন, সাক্ষী ও ভিকটিমের সুরক্ষার জন্য দেশে কোনো আইন নেই। ১৯৭৩ সালের আইনে দেওয়া ক্ষমতাবলে সাক্ষী সুরক্ষার জন্য ট্রাইব্যুনালের পক্ষে যতটুকু করা সম্ভব, তা করা হয়েছে।জামিনের বিধান সংযুক্ত: বিধি-৯-এ উপবিধি (৫) ও (৬) সংযোজন করে অভিযুক্ত ব্যক্তির জামিন পাওয়ার সুযোগ রাখা হয়েছে। এ বিধান অনুসারে, মানবতাবিরোধী অপরাধ তদন্তের জন্য গঠিত সংস্থা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যদি গ্রেপ্তারের তারিখ থেকে এক বছরের মধ্যে তদন্তকাজ শেষ করতে না পারে, সে ক্ষেত্রে ট্রাইব্যুনালের শর্ত পূরণ সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তি জামিন পাবেন। তবে ব্যতিক্রমী অবস্থায় ট্রাইব্যুনাল তদন্তের সময়সীমা ও অভিযুক্তের আটকাদেশ আরও ছয় মাসের জন্য বাড়াতে পারবেন।আসামিপক্ষের আইনজীবীদের প্রস্তুতি: বিধি ১৮ সংশোধন করে বিধি ১৮-কে ১৮(১) করা হয়েছে এবং উপবিধি ২, ৩, ৪, ৫ ও ৬ সংযুক্ত করা হয়েছে। এ বিধি অনুসারে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দেওয়া হলে এর অনুলিপি আসামিপক্ষের আইনজীবীদের সরবরাহ করতে হবে। সংশোধিত বিধি ৩৮ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার না করলে আসামিপক্ষের আইনজীবীকে প্রস্তুতির জন্য কমপক্ষে তিন সপ্তাহ সময় দিতে হবে। তবে ট্রাইব্যুনাল পরিস্থিতি বিবেচনা করে এর চেয়ে বেশি সময়ও দিতে পারবেন।অন্যান্য সংশোধন: বিধি ৮, ২৪, ২৬, ২৮, ২৯, ৪৩, ৪৬, ৫০, ৫১, ৫৩, ৫৪, ৫৬, ৫৯ ও ৬০ সংশোধন করা হয়েছে। বিধি ৬০-এ বলা হয়েছে, ট্রাইব্যুনালের মুখপাত্র হিসেবে রেজিস্ট্রার দায়িত্ব পালন করবেন।শাহিনুর ইসলাম সাংবাদিকদের বলেন, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ—এগুলো আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং এ অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। কিন্তু এটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নয়, বরং দেশের নিজস্ব আইনের অধীনে গঠিত ‘ডমেস্টিক ট্রাইব্যুনাল’।রেজিস্ট্রার বলেন, বর্তমান সংশোধনসহ পুরো বিধিমালা লক্ষ করলে এটি স্পষ্ট হবে যে এটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফেয়ার ট্রায়াল ম্যানুয়েল, আইসিসিপিআর (নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক সনদ), জাতিসংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন দূত স্টিফেন জে র‌্যাপসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন যে বিষয়গুলো উত্থাপন করেছে, সেগুলো ট্রাইব্যুনালের বিবেচনায় ছিল। তবে তাঁদের পরামর্শ অনুসারে সংশোধন আনা হয়নি। বরং সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল এসব সংশোধনী এনেছেন।