চীনের প্রেসিডেন্ট হু জিনতাও ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম আরও গতিশীল করতে আজ রোববার ইয়ুশু কাউন্টিতে গেছেন। গত বুধবারের ভয়াবহ এ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় এক হাজার ৫০০-তে দাঁড়িয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।দুর্গত এ এলাকায় যাওয়ার জন্য প্রেসিডেন্ট হুকে তাঁর পূর্বনির্ধারিত দক্ষিণ আমেরিকা সফর সংক্ষিপ্ত করতে হয়েছে। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা গতকাল শনিবার চীনা সরকারকে জিজ্ঞেস করেছেন তিনি দুর্গতদের সান্ত্বনা জানাতে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা সফর করতে পারবেন কি না। দালাই লামা ১৯৫৯ সালে এক ব্যর্থ অভ্যুত্থানের পর তিব্বত থেকে পালিয়ে যাওয়ার পর আর চীনে ফিরে যাননি এবং তিনি সম্ভবত দুর্গত এলাকা সফরের অনুমতি পাবেন না।ত্রাণসামগ্রী নিয়ে বেসরকারি বিভিন্ন সংস্থার যানবাহনের কাফেলার পাশাপাশি সেনাবাহিনীর কয়েক হাজার ট্রাক প্রাদেশিক রাজধানী থেকে এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইয়ুশু কাউন্টির জিজু শহরে পৌঁছেছে, যেখানে এ দুর্যোগ থেকে বেঁচে যাওয়া লোকজন খাদ্য ও নিরাপদ আশ্রয়ের জন্য ক্রমশই মরিয়া হয়ে উঠছে।জিজুর বাইরে তুয়ানজি গ্রামের এক আশ্রমে ত্রাণকর্মীরা কম্বল বিতরণ করেছেন। তবে গ্রামটি অনেক উঁচু এলাকায় হওয়ায় সেখানে খাদ্য পৌঁছাতে তাঁদের বেগ পেতে হচ্ছে।ওই গ্রামে ত্রাণ বিতরণ কর্মীদের নেতা হি ঝানলু বলেন, ‘এর আগে আমরা কখনো এত বড় ভূমিকম্প দেখিনি। এটা আমাদের জন্য একেবারেই অপ্রত্যাশিত এক ঘটনা এবং এর জন্য আমাদের কোনো প্রস্তুতিও ছিল না।’ তিনি আরও বলেন, ‘সারা দেশ থেকে আমাদের কাছে ত্রাণসামগ্রী আসতে শুরু করেছে, তবে এ ক্ষেত্রে পরিবহন একটি অন্যতম সমস্যা।’জিজুতে খাদ্য লুণ্ঠন ও খাদ্য নিয়ে কাড়াকাড়ি হয়েছে। ভবিষ্যতে এ রকম ঘটনা এড়াতে বেশ কিছু বেসরকারি সংস্থা শহরের বাইরে ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করেছে।বৌদ্ধ ভিক্ষুরা জিজুর বাইরে ঘাসে আচ্ছাদিত পাহাড়ি এলাকায় এক হাজারেরও বেশি মৃতদেহ দাহ করেছেন। মৃতদেহের সংখ্যা এত বেশি হওয়ায় তাঁরা প্রচলিত ‘আকাশ অন্ত্যেষ্টিক্রিয়া’ অর্থাত্ শকুনের খাদ্য হিসেবে মৃতদেহ ফেলে রাখার বদলে শব দাহ করতে বাধ্য হচ্ছেন।