বিধ্বস্ত হচ্ছে বিমান, ভিডিও করলেন যাত্রী (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারজন যাত্রী নিয়ে ছোট্ট একটি বিমান যুক্তরাষ্ট্রের আইদাহো অঙ্গরাজ্যের ওপর দিয়ে ছুটে চলেছে। আর নিছক শখের বশেই ভিডিও ক্যামেরা দিয়ে যাত্রীরা বিমান থেকে ধারণ করছেন বাইরের দৃশ্য। কিন্তু তাঁরা জানেন না, আর একটু পরেই বিধ্বস্ত হবে বিমানটি। ভিডিও ক্যামেরা আর খোশগল্পে মশগুল ওই চারজন।একটু পরে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুলে উঠল বিমান। এবার তাঁরা বুঝে গেলেন কিছু একটা ঝামেলা হচ্ছে। কয়েকবার এ রকম গাছের সঙ্গে ধাক্কা লেগে বিমানটি উল্টেপাল্টে যাচ্ছিল। এতে দুলে ওঠেনি তাঁদের বুক! তবে তাঁদের বুঝতে বাকি রইল না যে, মৃত্যু আসন্ন। কিন্তু তার পরও তাঁরা ভিডিওচিত্র ধারণ করা বন্ধ করলেন না। তাঁদের চিন্তা, যেহেতু বিমানে আছি, তাই কিছু হলে এ থেকে বাঁচার উপায় নেই। আর যেহেতু বাঁচার উপায় নেই, তাই যা হচ্ছে বা হবে, তার সবই যেন ধারণ করা থাকে এই ভিডিও ক্যামেরায়। এর ঠিক একটু পরেই বিমানটি বিধ্বস্ত হয়ে নিচে পড়ে যায়। গতকাল বৃহস্পতিবারের এ ঘটনায় বিমানের চারজন যাত্রী আহত হলেও প্রাণে বেঁচে গেছেন।যাত্রীদের ধারণ করা দুই মিনিট ৪০ সেকেন্ডর ওই ভিডিওচিত্রটি আজ শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওচিত্রে দেখা গেছে, দুলতে দুলতে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে গেল। এরপর ক্যামেরায় আর কিছু দেখা যায়নি, শুধু শব্দ ছাড়া। ওই শব্দে শোনা গেছে, একজন চাপা আর্তনাদ করছেন, পাশ থেকে আরেকজন বলছেন, ‘তোমার সবকিছু ঠিকঠাক আছে তো?’

বিমানটির যাত্রী নাথান উইলিয়ামস বলেন, ‘আমরা চারজনই ভাগ্যবান যে এখনো বেঁচে আছি। দিনটি খুবই সুন্দর ছিল। আর আমরাও বেশ মজা করে আমাদের চারপাশের দৃশ্য ভিডিও করছিলাম। তার পরই এ ঘটনা ঘটল।’ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরম আবহাওয়ার কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে সবাই সামান্য আহত হলেও বিমানটির পাইলট লেস গ্রপ গুরুতর আহত হন।উইলিয়ামস জানান, আঘাত পেয়ে লেস গ্রপের চোয়াল, পাঁজর ও চোখের নিচের হাড় ভেঙে গেছে। এ ছাড়া অন্য দুই যাত্রী অ্যালেক ও পাইলট লেসের ছেলে টলও বেশ চোট পেয়েছেন।এ ঘটনার পর উইলিয়ামস ভিডিওচিত্রটি ইন্টারনেটে আপলোড করেন। আপলোড করার কিছুক্ষণ পরই ভিডিওটি প্রায় তিন লাখ ৩৬ হাজার বার দেখেছে সারা বিশ্বের মানুষ।