বিন লাদেনকে খুঁজে পেতে সাহায্য করেছেন আবু আহমেদ
আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সন্ধান জানতে তাঁর একজন ঘনিষ্ঠ বার্তাবাহকের গতিবিধি যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে। এই বার্তাবাহকের নাম আবু আহমেদ। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘আমরা যখন ওই বার্তাবাহককে চিহ্নিত করি, তখন তাঁর নাম জানা ছিল না। ২০০৭ সালে নিশ্চিত হই যে ওই বার্তাবাহক পাকিস্তানের অ্যাবোটাবাদ থেকে যোগাযোগ রক্ষা করছেন।’যুক্তরাষ্ট্রের নৌসেনাদের এক বিশ্লেষণে বের হয়ে আসে যে গুয়ানতানামো বে কারাগারে আটক অনেকেই আবু আহমেদ আল কুয়েতির নাম উল্লেখ করেছেন। আবু আহমেদ আরেকজন কুয়েতি খালিদ শেখ মোহাম্মদের খুব কাছের লোক ছিলেন। বন্দীদের সম্পর্কে এই মূল্যায়ন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের পাঠানো হয়, যা উইকিলিকস প্রকাশ করে।লাদেনকে হত্যার অভিযানের আগে যুক্তরাষ্ট্র মোহাম্মদ নামে আল-কায়েদার একজন বার্তাবাহক এবং আবু ফারাজ আল লিবি নামে আল-কায়েদার একজন জ্যেষ্ঠ নেতার নাম উল্লেখ করে। ২০০৫ সালের মে মাসে লিবিয়ায় আটক একজন বন্দী ওই দুজনের নাম বলেছিলেন।২০০৮ সালের অক্টোবরে অন্য এক মূল্যায়নে মাদ আল খাতানি নামের একজন সৌদি নাগরিককে নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এই ব্যক্তি যুক্তরাষ্ট্রে চালানো ৯/১১-এর সন্ত্রাসী ঘটনায় ২০তম হাইজ্যাকার হতে চেয়েছিলেন। কিন্তু তিনি তখন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেনি।বলা হয়, এই বন্দী আল-কায়েদা নেতা খালিদ শেখ মোহাম্মদের সঙ্গে যুক্ত। পরে তথ্যে দেখা যায়, আল খাতিনি যুক্তরাষ্ট্র মিশনের প্রস্তুতির জন্য প্রশিক্ষণ নেন আল-কায়েদার সদস্য আবু আহমেদ আল কুয়েতির কাছে। আল কুয়েতি ওই সময় আল-কায়েদার একজন সহযোগী ছিলেন।ওই মূল্যায়নে আরও বলা হয়, আল কুয়েতি কান্দাহারে দলটির মিডিয়া হাউস পরিচালনা এবং একজন বার্তাবাহক হিসেবে কাজ করেন। আর তা প্রমাণ করে যে তিনি ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ এবং তাঁর সঙ্গে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকেন।এরপর আল-কুয়েতিকে আফগান সীমান্তের তোরাবোরায় দেখা যায় এবং ধরে নেওয়া হয় তিনি আল-কায়েদার উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। সেখান থেকে তাঁর ওপর চোখ রাখা হয় এবং মনে করা হয় আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতাদের কেউ পাকিস্তানে রয়েছেন। সেখান থেকেই নজর রেখে অ্যাবোটাবাদের ওই বাড়িটি বের করা হয়। তবে অভিযান পরিচালনার সময় ওই ভবনে তিনি ছিলেন কি না, তা সিএনএন জানাতে পারেনি।