বিন লাদেনের অবস্থান জানত না পাকিস্তান
পাকিস্তানের শীর্ষ নেতারা আল-কায়েদাপ্রধান ওসামা বিন লাদেনের সুনির্দিষ্ট অবস্থান জানতেন না বলে দাবি করেছে পেন্টাগন। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তান সরকার লাদেনের অবস্থান জানত—এমন কোনো তথ্য তারা পায়নি।আজ শুক্রবার ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।লাদেনকে হত্যায় চালানো গোপন অভিযান-পরবর্তী একটি বিশ্লেষণ প্রতিবেদনের বরাত দিয়ে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা উইলিয়াম ম্যাকর্যাভেন এ কথা জানান।কমান্ডার অব ইউএস স্পেশাল অপারেশনসের অধিনায়ক নেভি অ্যাডমিরাল ম্যাকর্যাভেন ওয়াশিংটনে এক সম্মেলনে প্রশ্ন রাখেন, ‘তারা (পাকিস্তান) এ বিষয়ে জানত না, এটা কীভাবে সম্ভব?’ তবে তিনি এ-ও বলেন, ‘আমাদের কাছে এমন কোনো তথ্য নেই, যাতে মনে হবে পাকিস্তান এ বিষয়ে আগে থেকেই জানত।’অভিযান সম্পর্কে তিনি বলেন, আগে থেকে জানালে অভিযানটি ঝুঁকির মুখে পড়তে পারে—আশঙ্কা করে পাকিস্তানকে এ বিষয়ে না জানানোর সিদ্ধান্ত হয়। অভিযানের বিষয়ে কথা বলতে গিয়ে ম্যাকর্যাভেন বলেন, এ অভিযানে সেরা কমান্ডারদের নেওয়া হয়। জঙ্গি সহিংসতা কমিয়ে আনতে গিয়ে তিনি বলেন, ‘পৃথিবীতে আমাদের এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে মানুষ ভালো থাকবে, আইনের শাসন থাকবে, স্থিতিশীলতা ও সুশাসন থাকবে।’ম্যাকর্যাভেন আরও বলেন, ‘এ অভিযানটি সব গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করেতে পেরেছে। কিন্তু এ অভিযানের প্রকৃত অর্থ হচ্ছে, সহযোগী সামর্থ্য তৈরি করা এবং অন্য দেশের সঙ্গে মিলে কাজ করা। আমার মনে হয়, ভবিষ্যতেও কোনো বিশেষ অভিযান এভাবেই চালানো হবে। ’