পাকিস্তানের সামরিক বাহিনী দেশটির সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের জ্ঞাতসারেই আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল। দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) জিয়াউদ্দিন বাট এই তথ্য দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান জেমসটাউন ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জেনারেল (অব.) জিয়াউদ্দিনকে উদ্ধৃত করে বলা হয়, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোশাররফ ও বর্তমান সেনাপ্রধান কায়ানি বিন লাদেনের অবস্থানের ব্যাপারে জানতেন বলে প্রমাণ রয়েছে।পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে গত অক্টোবরে আয়োজিত এক সম্মেলনে জেনারেল (অব.) জিয়াউদ্দিন বলেন, অ্যাবোটাবাদে অবস্থিত গোয়েন্দা বিভাগের একটি নিরাপদ বাড়িতে লাদেনকে আশ্রয় দিয়েছিলেন গোয়েন্দা বিভাগের তৎকালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) ইজাজ শাহ।ওসামা বিন লাদেন গত ২ মে মার্কিন বাহিনীর এক কমান্ডো অভিযানে নিহত হন। জেনারেল (অব.) জিয়াউদ্দিন বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাকে (সিআইএ) অ্যাবোটাবাদের সেই একই বাড়িতে অবস্থানকারী লাদেনের খোঁজ দেয় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা (আইএসআই) এবং তাঁকে হত্যার ব্যাপারে মার্কিনদের সাহায্য করে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, জিয়াউদ্দিনের এই মন্তব্য প্রকাশে গোয়েন্দা কর্মকর্তারা সাংবাদিকদের নিষেধ করেন। তাই চমকপ্রদ এই তথ্য কিছুকাল অপ্রকাশিত ছিল।জিয়াউদ্দিন বাট ১১ ডিসেম্বর দৈনিক ডনকে বলেন, তাঁর বিশ্বাস, লাদেনের অবস্থানের ব্যাপারে প্রেসিডেন্ট মোশাররফকে অবশ্যই বিস্তারিত জানিয়েছিলেন ইজাজ শাহ। মোশাররফের আমলে অত্যন্ত ক্ষমতাধর একজন কর্মকর্তা ছিলেন ইজাজ শাহ।বর্তমান সেনাপ্রধান এ প্রসঙ্গে অবগত ছিলেন কি না, জিজ্ঞেস করলে জিয়াউদ্দিন স্ববিরোধী মন্তব্য করেন। তিনি বলেন, ‘হ্যাঁ, কায়ানি হয়তো জানতেন।’ পরে তিনি বলেন, ‘কায়ানি হয়তো জানতেন না।’তবে ব্রিগেডিয়ার (অব.) ইজাজ শাহ ও প্রেসিডেন্ট মোশাররফ দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পরও বিন লাদেন কীভাবে ধরাছোঁয়ার বাইরে ছিলেন, সে ব্যাপারে কিছু বলতে পারেননি সাবেক এই সেনাপ্রধান। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আমলে আইএসআইয়ের প্রধান ছিলেন জেনারেল জিয়াউদ্দিন। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মোশাররফকে ১৯৯৯ সালের ১২ অক্টোবর জোর করে অবসর দিয়ে জিয়াউদ্দিনকে সেনাপ্রধান করেন নওয়াজ শরিফ। এতে সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিদ্রোহ করেন। পরে নওয়াজ শরিফকে অপসারণ করে দেশের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন জেনারেল মোশাররফ। ২০০৮ সালে প্রেসিডেন্ট মোশাররফ পদত্যাগ করেন।বিন লাদেনের সঙ্গে পাকিস্তানের সখ্য নিয়ে নওয়াজ শরিফের সঙ্গে দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরোধ ছিল। জিয়াউদ্দিন বাট বলেন, বিন লাদেনকে ধরার ব্যাপারে নওয়াজ শরিফ ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রীর একজন জ্যেষ্ঠ উপদেষ্টার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, লাদেনকে আটকের পরিকল্পনা ভণ্ডুল করতে সামরিক কর্মকর্তারা নওয়াজ শরিফকে ক্ষমতা থেকে উৎখাত করেন।জিয়াউদ্দিন বাট বলেন, আফগানিস্তান থেকে লাদেনকে খুঁজে বের করতে মার্কিন বাহিনী থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৯০ জন কমান্ডোর বিশেষ বাহিনী গঠন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।