বিন লাদেনের মরণোত্তর অডিও বার্তা প্রকাশ করেছে আল-কায়েদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত হওয়ার প্রায় তিন সপ্তাহ পর ওসামা বিন লাদেনের একটি অডিও বার্তা প্রকাশ করেছে আল-কায়েদা। বার্তায় ওসামা বিন লাদেন আরব বিশ্বে চলমান অভ্যুত্থানের প্রশংসা করে বলেছেন, পরিবর্তনের এই হাওয়া পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়বে। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।আল-কায়েদা জানিয়েছে, বিন লাদেন মার্কিন অভিযানে নিহত হওয়ার এক সপ্তাহ আগে ওই অডিও বার্তা রেকর্ড করা হয়। বার্তায় লাদেন আরবের জনগণকে আরও স্বৈরশাসকের পতন ঘটাতে আহ্বান জানান।লাদেন আরব বিশ্বের অভ্যুত্থানকে সমর্থন জানিয়ে বলেন, ‘বিপ্লবের সূর্য উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চল থেকে উদিত হয়েছে। আর আন্দোলনের প্রথম সাফল্য এসেছে তিউনিসিয়া থেকে।’ ব্যাপক গণবিক্ষোভে গত জানুয়ারিতে তিউনিসিয়ার প্রেসিডেন্ট জাইন আল-আবেদিন বেন আলী ক্ষমতাচ্যুত হন। তিউনিসিয়ায় সফল গণ-আন্দোলনের ধারাবাহিকতায় মিসরে গত ফেব্রুয়ারিতে হোসনি মোবারকের পতন ঘটে।অডিও বার্তায় বিন লাদেন আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, পরিবর্তনের এই হাওয়া পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়বে।’ তবে বিন লাদেন লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি। এই দেশগুলোতে বর্তমানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এ ছাড়া বিক্ষোভের ব্যাপারে যুক্তরাষ্ট্রকেও অভিযুক্ত করেননি বিন লাদেন। তবে তিনি বলেছেন, আরব বিশ্বে অভ্যুত্থানের ফলে ইহুদিরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। আল-কায়েদা বিভিন্ন ইসলামি ওয়েবসাইটে ১২ মিনিটের অডিও বার্তাটি একটি ইন্টারনেট ভিডিওর সঙ্গে যুক্ত করে প্রকাশ করেছে।উল্লেখ্য, ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডোরা অভিযান চালিয়ে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করেন।