বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারিবদ্ধ মানুষের একের পর এক মিছিল। কণ্ঠে বিষাদময় সেই গান—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে গিয়ে তাঁরা ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানালেন মহান ভাষাশহীদদের। দাবি জানালেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গতকাল বৃহস্পতিবার সব পথ মিলেছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউরসহ নাম না-জানা ভাষাশহীদদের। ফুলে ফুলে ভরে ওঠে বেদি। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নানা কর্মসূচিতে দিবসটি পালিত হয়েছে।অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকার ও জাতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতা, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রী শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে নতুন বাংলা ফন্ট ‘আমার বর্ণমালা’র উদ্বোধন করেন।প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের পক্ষে স্পিকার আবদুল হামিদ ও ডেপুটি স্পিকার শওকত আলী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নামে। রাত ১২টা ২০ মিনিটে সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। প্রথম প্রহরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদের নেতারা, রাশেদ খান মেননের নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার নেতৃত্বে সাম্যবাদী দলের নেতারা এবং খালেকুজ্জামানের নেতৃত্বে বাসদের নেতারা বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ সরকারি কর্মকমিশন, সেক্টর কমান্ডারস ফোরাম, শাহবাগের গণজাগরণ মঞ্চ এবং আওয়ামী যুবলীগের নেতারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।সকালে সাধারণ মানুষের ঢল: সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নামতে থাকে। প্রভাতফেরি করে তাঁরা সারিবদ্ধভাবে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বেশি জনসমাগম ছিল সকাল ছয়টার পর থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। নিরাপত্তাব্যবস্থার কড়াকড়িতে অপ্রীতিকর কোনো ঘটনা চোখে পড়েনি। কারও কারও মাথায় বাঁধা কাপড় বা পোশাকে লেখা ছিল ‘রাজাকারের ফাঁসি চাই’। ছিল একই দাবিসংবলিত পোস্টার ও ব্যানার।বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ভাষাশহীদদের। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের পাশাপাশি শহীদ মিনারে ফুল দিয়েছেন বিদেশি নাগরিকেরাও।সকালে আওয়ামী লীগ প্রভাতফেরি করে শহীদ মিনারে গিয়ে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে। প্রভাতফেরিতে দলের কেন্দ্রীয় নেতারা ছিলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে সকালে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা।শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে অনেকেই গেছেন একুশের বইমেলায়। ফলে সকাল আটটায় ফটক খোলার পর থেকেই বইমেলায় ছিল উপচে পড়া ভিড়। একুশের চেতনার অনুবাদ নানা ভাষায়, নানা রঙে প্রকাশ পেয়েছে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার, বাংলা একাডেমী, শাহবাগসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে। অনেকে নিজের বা সন্তানের কপাল আর গালে আঁকিয়েছেন শহীদ মিনার, জাতীয় পতাকা আর বর্ণমালা।গতকাল ছিল সরকারি ছুটি। ভাষাশহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে। জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।কঠোর নিরাপত্তাব্যবস্থা: মহান শহীদ দিবস উপলক্ষে গত বুধবার সন্ধ্যা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে র‌্যাব ও পুলিশ কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়। শহীদ মিনারের আশপাশে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপন করা হয়। ছিল র‌্যাবের ডগ স্কোয়াড। শহীদ মিনার অভিমুখী সড়কের বেশ কিছু স্থানে প্রতিবন্ধকতা বসানো হয়। নিরাপত্তাচৌকি বসিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য আসা মানুষকে তল্লাশি করা হয়।