সাড়ে চার বছরের সাম্যর হাতে গোলাপ ফুল। মায়ের হাত ধরে সে দাঁড়িয়ে আছে ধানমন্ডি লেকের পাড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে। হাতের ফুলটি রাখল সে বেদির এক কোনায়।সাম্যর মতো শিশু থেকে শুরু করে নানা বয়সের বিপুলসংখ্যক মানুষ গতকাল সোমবার স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে।জাতি গভীর শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে। একই সঙ্গে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর অন্য খুনিদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি ধ্বনিত হয়েছে তাঁর ৩৬তম শাহাদাতবার্ষিকীতে।জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ছিল সরকারি ছুটি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সব সরকারি, বেসরকারি, আধা সরকারি ভবন, বিচারালয়সহ বিদেশে বাংলাদেশ দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।দিবসটি উপলক্ষে ঢাকা ও গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বনানীতে ১৫ আগস্ট নিহত অন্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও দিনব্যাপী কোরআনখানি, মোনাজাত, আলোকচিত্র প্রদর্শনী, ইফতারসামগ্রী বিতরণ, আলোচনা ও প্রার্থনা সভা হয়।সকাল সাড়ে ছয়টায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় গার্ড অব অনার প্রদান করা হয়। তাঁরা এক মিনিট নীরবতা পালন করেন। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোনাজাত করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের সদস্য এবং দলীয় নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন।পরে প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধু ভবনের ভেতরে যান। দোতলায় ওঠার সিঁড়িতে যে স্থানে বঙ্গবন্ধুকে গুলি করা হয়, সে স্থানটিতে গোলাপের পাপড়ি ছিটিয়ে দিয়ে দোয়া ও মোনাজাত করেন দুই বোন। তাঁরা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।প্রধানমন্ত্রী দলীয় নেতা ও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বনানী কবরস্থানে ১৫ আগস্ট অন্য শহীদদের কবরে এবং জাতীয় তিন নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করার পরপরই সেখানে হাজারো মানুষের ঢল নামে। জনতা সারিবদ্ধভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন: প্রথম আলোর গোপালগঞ্জ প্রতিনিধি জানান, রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেখ রেহানাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী সকাল ১০টায় হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় যান। সেখানে বঙ্গবন্ধুর সমাধিসৌধে দুই বোন শ্রদ্ধা নিবেদন করেন। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী সেখানে ছোট বোনকে নিয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।এ সময় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, শিল্পমন্ত্রী দিলীপ বডুয়া, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন, শেখ ফজলে নূর তাপস, নূর-ই আলম চৌধুরী, তিন বাহিনীর প্রধানেরা, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী দুপুর ১২টা ৫০ মিনিটে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন। এরপর দূরদূরান্ত থেকে আসা দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিন আহমেদের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি, প্রেস সচিব আবুল কালাম আজাদ, সহকারী একান্ত সচিব খাইরুল ইসলাম সামরিক কবরস্থানে জামিল উদ্দিনের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। কর্নেল জামিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে রক্ষা করতে গিয়ে ঘাতকদের গুলিতে প্রাণ হারান।