বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল মধ্যরাত থেকেই হাজার হাজার মানুষের ঢল নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ মিনারের বেদি। ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উদযাপনের এই দিনে মানুষের মধ্যে দেখা গেছে আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধার মিশেল। আজ থেকে ৬০ বছর আগে ১৯৫২ সালের এই দিন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আত্মাহুতি দেন রফিক উদ্দিন আহমেদ, আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালামসহ আরও অনেকে। বাংলাদেশের ইতিহাসে দিনটি অমর একুশে। দিনটি এখন শুধু বাংলাদেশেরই না, বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় সারা বিশ্বে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রাত ১২টা এক মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শেখ হাসিনা দলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য ও সাংসদদের সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের পক্ষে ডেপুটি স্পিকার শওকত আলী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাত ১২টা ২৫ মিনিটে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, প্রতিমন্ত্রী, সাংসদেরা, তিন বাহিনীর প্রধানেরা, কূটনীতিকেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে। এর পরই বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য জেলায়ও শহীদ মিনারেও একুশের প্রথম প্রহর থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো চলছে। আজ দেশে সাধারণ ছুটির দিন। ভাষা শহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। ভাষা আন্দোলনের ঐতিহ্য ও গৌরবের কথা স্মরণ করে জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।

ভিডিও : জিয়া ইসলাম