বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
আজ একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ সেই দিন, যে দিনে সালাম, বরকতেরা বুকের রক্ত দিয়ে ভাষাকে রক্ষা করেছিলেন, কোটি কোটি বাঙালির মনে আশা জাগিয়েছিলেন, স্বপ্নকে রাঙিয়েছিলেন রক্তের অক্ষরে। তাঁদের জ্বালানো দীপশিখাই একাত্তরে আরও উজ্জ্বল হয়ে রূপ নিয়েছিল স্বাধীনতায়। আর বিশ্বের বুকে নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটল—বাংলাদেশ।যথাযোগ্য শ্রদ্ধায় দেশবাসী আজ স্মরণ করছে ভাষাশহীদদের। ফুলে ফুলে ভরে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। রাজধানীর মতো সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও অন্য রাজনৈতিক নেতারা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর শহীদ মিনার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে চলছে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও কার্যালয়ের পাঠানো খবরকুমিল্লা: ভাষাশহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ, প্রভাত ফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন, স্বেচ্ছায় রক্তদান আর গানের মধ্য দিয়ে কুমিল্লায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মাগুরা: একুশের প্রথম প্রহরে মাগুরা সরকারি কলেজ শহীদ মিনারে স্থানীয় সাংসদ অধ্যাপক মো. সিরাজুল আকবর ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পরপর জেলা ও পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, পৌরসভাসহ সর্বস্তরের মানুষ ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানান। সুনামগঞ্জ: সুনামগঞ্জে রাত ১২টার পর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় উত্সবমুখর পরিবেশে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।নাটোর: নাটোরে যথাযথ মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়: ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: রাত ১২টা এক মিনিটে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির কালো পতাকা উত্তোলনের পর শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সকালে উপাচার্যের নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের ছাত্র-শিক্ষকেরা প্রভাত ফেরি শেষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। নোয়াখালী: যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে একুশের প্রথম প্রহরে নোয়াখালী শহীদ মিনারে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ফরিদপুর: অমর একুশে পালন উপলক্ষে প্রথম প্রহর থেকেই ফরিদপুর শহরে নামে হাজার মানুষের ঢল। সব মিছিলের গন্তব্য ছিল শহরের অম্বিকা ময়দানে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনার।