বিনা খরচায় ওয়াই-ফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের এঅ্যান্ডডব্লিউ রেস্তোরাঁর ভক্ত নিশ্চয় অনেকে। জিভে জল ঝরানো খাবারের পাশাপাশি এঅ্যান্ডডব্লিউ এখন বিনা মূল্যে ওয়াইফাই ইন্টারনেটসেবা দিচ্ছে ভোক্তাদের। শুধু এঅ্যান্ডডব্লিউ নয়, নগরের বেশ কিছু অভিজাত রেস্তোরাঁয় এখন ভোজনের পাশাপাশি ইন্টারনেটে টুকটাক কাজকর্মের পাটও চুকিয়ে নেওয়া যাচ্ছে। কেবল নামীদামি রেস্টুরেন্ট আর লাউঞ্জেই নয়, প্রায় সব কটি পাঁচ তারকা হোটেল, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ নগরের বেশ কিছু স্থানে পাওয়া যাচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে বিনা পয়সায় ইন্টারনেট-সংযোগ।একটি ছোট এলাকায় অবস্থিত বেশ কিছু কম্পিউটারের মধ্যে তারহীন প্রযুক্তিতে ইন্টারনেটসেবা দেওয়ার কাজে সাধারণত ওয়াইফাই ব্যবহার করা হয়। তবে ওয়াইফাই অ্যাডাপটার-সমৃদ্ধ মোবাইল ফোনসেট, ইলেক্ট্রনিকস যন্ত্র অথবা ল্যাপটপেও এই সুবিধা উপভোগ করা যাবে।নগরবাসী যে বিনা মূল্যের ওয়াইফাইয়ের সুবিধা লুফে নিচ্ছে, তার প্রমাণ মেলে নগরের ওয়াইফাই জোনগুলোতে গেলে। গুলশানের দেজাভু ক্যাফেতে আগে থেকেই ক্রেতাদের ভিড় ছিল। কিন্তু এখন ওয়াইফাই আসার পর থেকে ভোজনরসিকেরা খাওয়ার পাশাপাশি জরুরি কাজগুলোও সেরে নিতে পারছেন। বনানীর বি-ব্লকের ২১ নম্বর রোডের ৩৪ নম্বর বাড়িতে গেলেই চোখে পড়বে ‘কফি এগারো’ নামের একটি রেস্তোরাঁ। সাইনবোর্ডে আঁকা দুটো ধূমায়িত কফির মগের পাশাপাশি ছোট্ট করে ‘ওয়াইফাই’ লেখাটিও শোভা পাচ্ছে। বনানী থেকে গুলশান আসার পথে ৩৫ কামাল আতাতুর্ক এভিনিউয়ের আবেদিন টাওয়ারের এক্স লাউঞ্জে বসলেও পাবেন বিনোদনের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের সুযোগ।শুধু যে গুলশান-বনানীতেই ওয়াইফাই সীমাবদ্ধ, তা কিন্তু নয়। ধানমন্ডি এলাকার বাসিন্দা যাঁরা, তাঁরাও কিন্তু সাতমসজিদ রোডের বিকল্প টাওয়ারের কজমো লাউঞ্জে পাবেন বিনা পয়সার ওয়াইফাই। ধানমন্ডি থেকে পান্থপথের দিকে আসতে যদি হাতিরপুল কাঁচাবাজারের সামনে একটা চক্কর দিয়ে আসেন, তাহলে দু-দুটো ওয়াইফাইওয়ালা রেস্টুরেন্ট পাবেন—৯৪ বীর উত্তম সি আর দত্ত রোডের ডিকে টাওয়ারের সাততলায় সেভেন হিল এবং সেভেন হিলের বাঁ-পাশের ভবনের দোতলায় পাবেন ফাস্টফুডের দোকান ডব্লিউ এফসি।নগরের কয়েকটি পাঁচ তারকা হোটেলে কিন্তু অনেক আগে থেকেই ওয়াইফাইয়ের সুবিধা পাওয়া যাচ্ছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও, শেরাটন, র‌্যাডিসন, দি ওয়েস্টিনে রয়েছে ওয়াইফাই জোন। তবে সব কটি হোটেলের সুবিধা আবার এক রকম নয়। যেমন—হোটেল র‌্যাডিসনে কেবলমাত্র ইন্টারন্যাশনাল বার এবং বারের পাশে একটি রেস্তোরাঁ বাদে হোটেলের প্রতিটি জায়গায়ই ফ্রি ওয়াইফাই ব্যবহার করা যায় বলে জানালেন জনসংযোগ কর্মকর্তা রাজিন। সোনারগাঁও, শেরাটন ও ওয়েস্টিনের হোটেল লবিতেই কেবল ওয়াইফাই নেওটয়ার্ক পাওয়া যায় বলে নিশ্চিত করেছে হোটেলগুলোর জনসংযোগ কর্মীরা। পাঁচ তারকা হোটেল ছাড়াও নগরের অভিজাত বুটিক হোটেল প্লাটিনাম স্যুটস, রয়েল পার্কেও রয়েছে ওয়াইফাই ব্যবহারের সুযোগ।তবে নগরে বোধহয় সবচেয়ে বেশি এলাকাজুড়ে ফ্রি ওয়াইফাই জোন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। টিএসসি এলাকায় ফ্রি ওয়াইফাই জোন চালু করা হয় ২০০৯ সালের মে মাসের শুরুতে। এর পর থেকে টিএসসি এলাকায় ইন্টারনেট ব্যবহারকারী তরুণদের ভিড় লেগে থাকছে। তবে গত এক বছরে ঢাবি শিক্ষার্থীদের ওয়াইফাই ব্যবহারের সুযোগ অনেকখানি বেড়েছে বলে জানালেন ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানসেন সরকার। তাঁর মতে, এখন তো টিএসসি ছাড়াও আইবিএ ইনস্টিটিউটের মাঠে, ব্যবসায় অনুষদের এমবিএ ভবনে, সিনেট ভবনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সামনে এবং জিয়াউর রহমান হলের অফিসসংলগ্ন এলাকায় বিনা মূল্যে ওয়াইফাই পাওয়া যাচ্ছে।ওয়াইফাই নিয়ে ঢাবির শিক্ষার্থীরা যতই মাতামাতি করুক না কেন, ঢাবি প্রশাসন কিন্তু কেন্দ্রীয়ভাবে তাঁদের জন্য কোনো ওয়াইফাই-সুবিধা দিচ্ছেন না, একমাত্র টিএসসি এলাকা ছাড়া। তাহলে প্রশ্ন জাগতে পারে, বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই নেটওয়ার্ক দিচ্ছে কারা? সেই প্রশ্নের উত্তরটা দিলেন ঢাবির তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের প্রধান অধ্যাপক জুলফিকার হাফিজ। তিনি জানালেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিভাগগুলো তাদের নিজ উদ্যোগে ওয়াইফাই চালু করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেবল ইন্টারনেটের জন্য বরাদ্দ করা তহবিল থেকে বিভাগ ও হলগুলোকে সাহায্য করছে।ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আক্তারুজ্জামান মঞ্জু জানান, ‘ঢাকা শহরে ইন্টারনেট সেবাদানের কাজ করে তাঁদের প্রায় ৭৫টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো ইচ্ছে করলে ওয়াইফাই সংযোগ দিতে পারে। এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। এই মুহূর্তে নগরে আই কানেক্ট ও ঢাকা ওয়ারলেস নামের দুটি প্রতিষ্ঠান ওয়াইফাই সেবা দিচ্ছে। কোম্পানি দুটির কর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে নগরের যে কেউই তাঁদের ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। ঢাকা ওয়ারলেসের কর্মকর্তা এম এম তানভীর জানান, ইন্টারনেটের সুবিধা মানুষের কাছে আরও সহজলভ্য করার জন্য তাঁদের চেষ্টার কোনো কমতি নেই। তিনি দাবি করলেন, ‘যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, এমনকি সরকারের পক্ষ থেকেও যদি শহরের কোনো একটি এলাকায় ফ্রি ওয়াইফাই জোন স্থাপনের জন্য বলা হয়, আমরা সেটা করে দিতেও রাজি আছি। তবে সে ক্ষেত্রে আমাদের শুধু যন্ত্রপাতি বসানোর খরচটা দিলেই হবে।’পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় শহগুলোয় কোথায় কোথায় ওয়াইফাই জোন রয়েছে, এ বিষয়ে নির্দিষ্ট একটি তালিকা রয়েছে। ঢাকা শহর নিয়ে এখনো এ ধরনের কোনো কাজ করা হয়নি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানালেন, যেহেতু বাংলাদেশে ওয়াইফাইয়ের ধারণাটি বেশি দিন আগের নয়, তাই এটি নিয়ে বিশদ পরিকল্পনার প্রয়োজন আছে।বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রকৌশলী ইয়াফেস ওসমান বলেন, ‘এ বছরের মধ্যে আমরা সব কটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাইয়ের আওতায় নিয়ে আসব। ঢাকা শহরের যেসব স্থানে ওয়াইফাই রয়েছে, সেসব এলাকা চিহ্নিত করে একটি ওয়াইফাই জোনের মানচিত্র তৈরির বিষয়টিও আমাদের পরবর্তী সময়ের পরিকল্পনায় থাকবে।’