বিনা চাষে রসুন আবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরসহ চলনবিলের আশপাশের উপজেলাগুলোতে বিনা চাষে রসুনের চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প পরিশ্রম ও খরচে অধিক ফলনসহ দাম বেশি পাওয়ায় ওই আবাদে ঝুঁকে পড়েছেন কৃষক। এ বছর গুরুদাসপুরে সাত হাজার হেক্টর জমিতে রসুনের আবাদ হচ্ছে। এদিকে ব্যাপকভাবে রসুনের আবাদ শুরু হওয়ায় চলনবিলের আশপাশের উপজেলাগুলোতে ইরি-বোরো, সরিষা, গমসহ অন্যান্য ফসলের আবাদ কমে যেতে পারে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ।উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, প্রায় ১০ বছর আগে গুরুদাসপুরে বিনা চাষে রসুনের আবাদের প্রচলন শুরু হয়। কৃষি বিভাগের উপসহকারী (বিএস) মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রথম ওই আবাদ শুরু করেন। এর পর থেকে বিনা চাষে রসুনের আবাদ বিস্তার লাভ করে। এরই মধ্যে তা গুরুদাসপুর ছাড়িয়ে চলনবিলের সিংড়া, বড়াইগ্রাম, চাটমোহর, তাড়াশ ইত্যাদি উপজেলায় ছড়িয়ে পড়েছে।কৃষকেরা জানান, চলনবিল অঞ্চলের পানি নেমে যাওয়ার পর নরম কাদা মাটিতে রসুনের দানা (প্রতিটি কোয়া) রোপণ করে তা খড় দিয়ে ঢেকে দেওয়া হয়। সেই কোয়া থেকে গজিয়ে ওঠে চারা। কৃষকেরা আরও জানান, এ বছর উপজেলায় প্রতিবিঘা জমিতে রসুন উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ৫০ হাজার টাকা। গুরুদাসপুর কৃষি বিভাগ জানায়, ২০০৮-০৯ অর্থ বছরে পাঁচ হাজার হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছিল। চলতি বছরেও সাত হাজার হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও, তা বেড়ে আট হাজার হেক্টর হতে পারে।উপজেলার সিধুলী গ্রামের মকবুল হোসেন জানান, ২০০৮ সালে তিন বিঘা জমিতে রসুনের আবাদ করে ক্ষতিগ্রস্ত হন। ২০০৯ সালে দুই বিঘা জমিতে আবাদ করেন। এবার রসুনের বাম্পার ফলন ও দাম বেশি পাওয়ায় পাঁচ বিঘায় আবাদ করছেন।ধারাবারিষা গ্রামের মফিজ উদ্দিন জানান, বিনা চাষে রসুনের আবাদ করে যা লাভ হয়, অন্য ফসলে অত লাভ হয় না। তা ছাড়া রসুনের জমিতে সাথি ফসলের আবাদ করেও বাড়তি আয় করা যায়।