বিনা টিকিটে বাড়ি ফেরা!
যাঁরা এখনো ঈদে বাড়ি যাওয়ার টিকিট জোগাড় করতে পারেননি, তাঁদের অনেকের কপালেই পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। তবে নগরের অসংখ্য মানুষ আছেন, যাঁরা এই মৌসুমি প্রতিযোগিতায় না নেমে বিকল্প যানে চেপে বাড়ি ফেরেন। দূরপাল্লার বাসে নয় মিনিবাসে, লঞ্চে নয় ছোট শ্যালো নৌকায়, মালপত্রবোঝাই ট্রাকে কিংবা তিন চাকার রিকশা-ভ্যানে চড়ে ঘরে ফেরা মানুষের আগ্রহ ও ইচ্ছাশক্তির কাছে ম্লান হয়ে পড়ে টিকিট কাটারও শত ঝক্কি।কারওয়ান বাজারের ফলের দোকানি ইসমাইল ও তাঁর বন্ধুরা মিলে প্রতিবছরই ঈদের আগে চাঁদরাতে বাড়ি ফেরেন একসঙ্গে। ছোট একটা হিউমান হলার ভাড়া করে তাঁরা দলবেঁধে বাড়ি চলে যান। ট্রাকের ছাদে চড়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যাও কম নয়। গাবতলী বাস টার্মিনালে এসে বগুড়া যাওয়ার টিকিট জোগাড় করতে না পেরে ব্যথিত নন, বরং উল্লসিত মনে হলো আবদুল মুহিবকে। তিনি হাসতে হাসতে বলেন, ‘বেশি টাকা দিয়ে বাসের সিটে বসে যাওয়ার লাগবু ক্যা? ট্রাকে চইড়াও যামুনে।’ আসলেই ঘরমুখো মানুষের কাছে যানের রকম বা ধরন বোধ হয় তেমন একটা বিবেচ্য বিষয় নয়। তাই তো চাকরিজীবী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া অনেকেই বাড়ি ফেরেন ট্রাকের কিংবা বাসের ছাদে চড়ে। সরকারি তিতুমীর কলেজের ছাত্র ইকবাল হোসেনের মতে, ‘রাতে বাসের ছাদে চড়ে হাইওয়ে দিয়ে যাওয়ার মজাই অন্য রকম। মনে হয় যেন আমি উড়ে যাচ্ছি। আকাশটাকে খুব কাছে মনে হয়, নিচু গাছের ডগাগুলো দেখে মনে হয়, এক্ষুনি বোধ হয় পা ছুঁয়ে যাবে।’ তবে পরিবার-পরিজন নিয়ে আর যা-ই হোক, ট্রাকে চড়ার পাবলিক বোধ হয় কমই পাওয়া যাবে।ঢাকার মধ্যে চলাচলকারী হিউম্যান হলারগুলোও ঢাকার আশপাশের জেলাগুলোয় যাত্রী আনা-নেওয়া করে প্রতিবার ঈদের সময়। নিউমার্কেট থেকে মিরপুরগামী হিউমান হলারের এক চালক আবুল মিয়া বলছিলেন, ‘ঈদের সময় তো ঢাকায় মানুষই থাকে না। ফাঁকা ঢাকায় গাড়ি চালানোর চাইতে ঢাকার আশপাশে ভাড়া মারি আমরা।’ জানা গেছে, ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জ, সাভার, আশুলিয়া, গাজীপুর এমনকি টাঙ্গাইলের পথেও যাত্রী পরিবহন করবে অনেক নগর পরিবহনই।লম্বা পথ ভেঙে ছোট ছোট যানে যাওয়ার যাত্রীও রয়েছে। রাজবাড়ীর ছেলে আলমগীরের মতে, ‘খালি খালি বাসের টিকিটির জন্যি লাইনি দাঁড়ানোর দরকার কিসির? শাহবাগের থে পাটুরিয়া ঘাট, ১০ টাকা দিয়ে ফেরি পার হয়ে ঘাটের ওপারে গেলিই কত গাড়ি’।ঈদের আগের দিন কিংবা ঈদের দিন সকালে বাড়ির পথে রওনা দেন এ রকম অনেকের দেখা মিলবে এই নগরে। কাপ্তানবাজার, মৌলভীবাজার থেকে শুরু করে সদরঘাট, নিউমার্কেট, বসুন্ধরা সিটি শপিংমলের অনেক দোকানিই সওদা শেষ করে ছোট হিউমানহলার, মিনিবাস কিংবা শ্যালোচালিত নৌকা দিয়ে বাড়ি ফেরেন। বুড়িগঙ্গার এপার থেকে ওপার করে বেড়ানো ছোট ইঞ্জিনচালিত নৌকাগুলোও ঈদের সময় মুন্সিগঞ্জ, দোহার, বিক্রমপুরে যাত্রী পরিবহন করে থাকে। ছোট তরীতে জীবনের ঝুঁকি থাকলেও ঝঞ্ঝাট আর প্যাঁচাল অনেক কম বলে জানালেন আমজাদ মিয়া নামের একজন।একেবারে ঢাকার পাশের জেলায় যাঁদের বাড়ি, তাঁরা আবার ঈদের আগেভাগে অটোরিকশা, ট্যাক্সিক্যাব এমনকি রিকশা ও ভ্যানে চড়ে বাড়ি ফেরেন। উৎসবের ক্ষণে প্রিয়জনের সঙ্গ পাওয়ার আনন্দ বোধ হয় ভুলিয়ে দেয় ট্রাকের ছাদের ঝাঁকুনি, ব্যথা কিংবা দোদুল্যমান শ্যালো নৌকাডুবির ভয়।