বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টিতে সংসদে বিল
দরিদ্র মেধাবি শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি, শিক্ষা কার্যক্রমে সরকারি-বেসরকারি সংস্থা ও সমাজের বিত্তশালীদের সম্পৃক্ত করা এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বিল-২০১২’ সংসদে উত্থাপিত হয়েছে।আজ সোমবার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে বিলটি সাত দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, দেশের অনেক শিক্ষার্থী অর্থের অভাবে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। ষষ্ঠ থেকে সম্মান শ্রেণী পর্যন্ত দরিদ্র মেধাবি শিক্ষার্থীদের বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি, শিক্ষা কার্যক্রমে সরকারি-বেসরকারি সংস্থা ও সমাজের বিত্তশালীদের সম্পৃক্ত করা এবং ঝরে পড়া রোধসহ সব পর্যায়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন প্রনয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমানে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত চারটি প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দেওয়া হচ্ছে। স্নাতক ও সমমান পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প এ বছর থেকে চালু হবে। দেশে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষার কার্যক্রমকে টেকসই ও স্থায়ী রূপদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ আইনটি কার্যকর হলে উল্লিখিত কার্যক্রম স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে।’প্রস্তাবিত আইনে ট্রাস্ট পরিচালনার জন্য ১৯ সদস্যের ট্রাস্টি বোর্ড ও একটি উপদেষ্টা পরিষদ গঠনের কথা বলা হয়েছে। ট্রাস্টি বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক হবেন প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রী ট্রাস্টি বোর্ডের সভাপতি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বোর্ডের সহসভাপতি হবেন।এ ছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর পাশাপাশি অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর নাম প্রস্তাব করা হয়েছে।