বিনা ভাড়ায় ঢাকা ভ্রমণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো বিশেষ প্রয়োজনে নয়, বরং কৈশোরের নতুন অভিজ্ঞতা অর্জনের দুর্দমনীয় ইচ্ছার কারণেই আমি প্রথম ঢাকায় আসি। ১৯৫০ সালে প্রথম ঢাকায় আসা আমার কাছে ছিল অনেকটা রোমাঞ্চকর।১৪ আগস্ট। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে এক দিনের জন্য রেলভ্রমণ ফ্রি ছিল। বিনা ভাড়ায় রেলগাড়িতে চড়ার জন্য চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসি। তখন আমার বয়স ১১ বছর। আমরা সন্ধ্যায় এসে ফুলবাড়িয়া স্টেশনে নামি। ট্রেন থেকে নামতেই চোখে পড়ে অনেক মানুষ, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি ও রিকশা। তখন কোনো মোটরগাড়ি দেখিনি। স্টেশন থেকে বেরিয়ে ফুলবাড়িয়ার রাস্তায় নেমে দেখলাম, ছোট ছোট রেস্তোরাঁ-কাম আবাসিক হোটেল। আমরা একটা রেস্তোরাঁয় ঢুকে বসে পড়লাম। রেস্তোরাঁর বয় এসে জিজ্ঞেস করল, ‘খাবার দেব?’ আমরা বললাম, দেন। আবার জিজ্ঞেস করল, ‘পয়সা আছে?’ বললাম, নেই। আমরা ফ্রি রেলগাড়ি চড়ার জন্য ঢাকায় এসেছি। আমাদের কাছে কোনো টাকা-পয়সা নেই। হোটেলের ঢাকাইয়া কুট্টি মালিক বিষয়টি বুঝতে পেরে আমাদের খাবার দিতে বললেন। খেয়েদেয়ে রেস্তোরাঁ থেকে বের হলাম। তখন আমাদের থাকার জায়গাও ছিল না। আমরা অন্য একটা রেস্তোরাঁ-কাম আবাসিক হোটেলের বারান্দায় ঘুমিয়ে রাতটা পার করলাম। পরের দিন স্টেশন দেখতে বের হলাম। এত বড় স্টেশন দেখে মনে হলো, এর যেন আর শেষ নেই। স্টেশন ঘুরে দেখতে ২৫-৩০ মিনিট লাগল। স্টেশন থেকে ফিরে ফুলবাড়িয়া হাসপাতাল ঘুরে দেখলাম। পাশেই দেখলাম, ধোঁয়া উড়ছে। ডিজেল ইঞ্জিনের মতো শব্দ শুনে দেখার ইচ্ছা হলো। সেখানে গিয়ে দেখলাম, বিশাল রেলওয়ে ওয়ার্কশপ। বর্তমান ওসমানী উদ্যান, বঙ্গভবন, নগর ভবনসহ বিশাল এলাকা নিয়ে ছিল এর পরিধি। এটাই আমাদের প্রথম কোনো ওয়ার্কশপ দেখা। শ্রমিকদের কাজকর্ম দেখে, তাঁদের মুখে উর্দু কথা শুনে আমাদের অনেক আমোদ লাগল। আমরা গ্রামের ছেলেমানুষ। যা দেখি, তা-ই ভালো লাগে, অবাক লাগে। পুরো ওয়ার্কশপ ঘুরে দেখতে প্রায় অর্ধেক দিন লেগে গেল। এরপর গেলাম গুলিস্তানে। বর্তমান গোলাপ শাহ মাজার তখন ছিল না। সাধারণ কবরের মতো ছিল। গুলিস্তান এলাকায় দোকানপাটও তেমন ছিল না, রাস্তা তৈরির জন্য গাছ কাটা চলছিল।পল্টন ময়দান এখনকার মতো বিশাল ছিল না। এটি ছিল ছোট ময়দান। পাশেই ছিল ডোবার মতো ময়লা জায়গা। বর্তমানে সেখানে আছে স্টেডিয়াম ও বায়তুল মোকাররম মসজিদ। বঙ্গভবনের চারপাশ ছিল খোলা। এর পাশে ছিল খালের মতো। পানি ছিল অপরিষ্কার, আবর্জনাযুক্ত, তবে দিলকুশা এলাকাটি ছিল খুব সুন্দর। অনেক সুন্দর গাছপালা ছিল সেখানে। মতিঝিল বাণিজ্যিক এলাকায় আমার এক আত্মীয়ের সঙ্গে দেখা হলো। তিনি মতিঝিল থেকে নৌকায় করে আমাদের কমলাপুরে নিয়ে গেলেন। কমলাপুর থেকে গেলাম বর্তমান মতিঝিল হাউজিং এস্টেট এলাকায়। সেখানেও দেখলাম, গাছ কাটাকাটি চলছে। মূলত পাকিস্তানের জন্মলাভের পর নগরায়ণের যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তারই প্রাথমিক উদ্যোগ ছিল এই গাছ কাটাকাটির পর্ব। ওখান থেকে মগবাজারে গেলাম। সেখানেও দেখলাম, গাছ কাটা চলছে। আমরা আরও একটি জিনিস লক্ষ করলাম, সব জায়গায় প্রচুর বুট-বাদামের দোকান। বুট-বাদাম বিক্রিও হতো খুব। আমরা মগবাজার থেকে সার্কুলার রোডের কাঁঠালবাগান পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই। তখনো বিশ্ববিদ্যালয় আমার মানসে সেভাবে ধরা পড়েনি। বিশ্ববিদ্যালয় কী জিনিস, ভালোভাবে বুঝতাম না। তবে সম্ভবত বিভিন্ন আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সক্রিয় ভূমিকা থাকার কারণে ‘বিশ্ববিদ্যালয়’ শব্দটার সঙ্গে পরিচিত ছিলাম। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখলাম, এক-দেড় শ ঘরের বস্তি। পরে জেনেছি, এটি আসলে সেক্রেটারিয়েটের কর্মচারীদের কলোনি। এরপর আমরা ফজলুল হক হলে গেলাম। পাশেই দেখলাম, অনেক মানুষের জটলা। কাছে গিয়ে দেখলাম, এটি একটি এয়ারফোর্স রিক্রুট সেন্টার। আমরা চার বন্ধু মিলে দাঁড়ালাম রিক্রুট হওয়ার জন্য। বয়স কম হওয়ার কারণে আমাদের তাড়িয়ে দেওয়া হলো। ওখান থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম, পলাশী ব্যারাকে লোক নেওয়া হচ্ছে। আমরা সেখানে গেলাম। পলাশী ব্যারাকে রিক্রুটিংয়ের টিনের ঘর ছিল। আমরা ওখান থেকেও বাতিল হলাম। পলাশী থেকে দেখলাম, আজিমপুরে গাছ কাটাকাটি চলছে কলোনি নির্মাণের জন্য। সেখান থেকে বিকেলের দিকে স্টেশনে গেলাম ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হওয়ার জন্য। সারা দিন আমাদের কেটে গেল বুট-বাদাম খেয়ে। স্থায়ীভাবে আমি ঢাকায় আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়ে।অধ্যাপক সিরাজুল ইসলাম: সভাপতি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি।