বিনা মূল্যে জনগণকে ওষুধ দেবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণকে চিকিৎসাসেবার আওতায় আনতে বিনা মূল্যে ওষুধ বিতরণের পরিকল্পনা নিয়েছে ভারত। এর পেছনে ৫৪০ কোটি ডলার ব্যয় করছে দেশটি। এতে দেশের অগণিত মানুষ উপকার পাবে বলে আশা করছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।সরকারের এই পরিকল্পনা অনুযায়ী শহরের হাসপাতাল থেকে শুরু করে গ্রামের ছোট ছোট ক্লিনিক বা চিকিৎসাকেন্দ্রের চিকিৎসকেরা রোগীদের বিনা মূল্যের এই ওষুধ সেবনের জন্য পরামর্শ দেবেন। রোগীদের জন্য ব্যবস্থাপত্রে বিনা মূল্যের এই ওষুধগুলো লিখতে বাধ্য থাকবেন চিকিৎসকেরা। দেশে উত্পাদিত সর্বজনীন ওষুধ শিল্পের প্রসারে ২০১১ সালে এই পরিকল্পনা নিয়েছিল দেশটি। তবে এ বছর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ দিচ্ছে। ভারতের এই পরিকল্পনা অনুসারে চিকিৎসকদের কোনো প্রতিষ্ঠানের ওষুধ সেবনের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা মানতে হবে। সরকারি ওষুধ ছাড়া অন্য ওষুধের পরামর্শের ক্ষেত্রে নিয়ম মানতে হবে। এই নিয়মের বাইরে কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের ওষুধের পরামর্শ দিলে এ জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদারক করবেন কর্মকর্তারা। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই পরিকল্পনাটি এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর জন্য। সবচেয়ে দ্রুত বর্ধনশীল ওষুধের বাজার এখন ভারতে। ২০১১ সালে দেশটিতে চিকিৎসা ক্ষেত্রে মাথাপিছু ব্যয় হয়েছে সাড়ে চার ডলার। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য, প্রকল্পটির আওতায় আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের মোট জনসংখ্যার অর্ধেক সরাসরি উপকৃত হবে। ভারতের হেলথ ও ফ্যামিলি ওয়েলফেয়ার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এল সি গয়াল এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘সরকারের এই প্রকল্পটি দেশীয় মানসম্মত ওষুধ শিল্পের প্রচারণা ও ব্যবহার বাড়ানোর জন্য নেওয়া হয়েছে। ব্র্যান্ডের কোনো ওষুধের চেয়ে এই ওষুধ অনেক সস্তায় পাওয়া যাবে।’ ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থার (ওপিপিআই) মহাব্যবস্থাপক তপন রায় এ প্রসঙ্গে বলেন, ‘ওষুধের দাম এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওষুধ তৈরির প্রতিষ্ঠানগুলো ধনী-গরিব সবার সেবন উপযোগী ওষুধ তৈরিতে উৎসাহী হবে। আমার মনে হয়, এতে ওষুধ শিল্পের বিকাশ হবে। গরিব রোগী, যারা ব্র্যান্ডের দামি ওষুধ কিনতে পারত না, এখন তারা উপকৃত হবে।’