বিনা মূল্যে পাঠ্যবই বিতরণের কারণে শিক্ষার্থী বাড়ছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের বিনা মূল্যে পাঠ্যবই বিতরণের কারণে দেশে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। আমরা এ কথা জেনে খুবই আনন্দিত যে, প্রতিবছরই শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে।’প্রধানমন্ত্রী বলেন, ‘এটা জাতির জন্য সুখবর যে, দেশে ছাত্রীর সংখ্যা অনেক বাড়ছে।’ শিক্ষার্থীদের দেশের আগামী দিনের নেতা উল্লেখ করে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন, তাঁরা যথাযথ শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। খবর বাসসের। আজ সোমবার গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণীর একজন করে শিক্ষার্থীর হাতে এক সেট বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, তাঁর পূর্ববর্তী সরকারের মেয়াদে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় শিক্ষার হার ৬৫.৫ শতাংশে উন্নীত হয়েছিল। তিনি বলেন, ‘কিন্তু এবার আমরা দায়িত্ব নেওয়ার পর শিক্ষার হার পেলাম ৫০ শতাংশ। কারণ, বিএনপি-জামায়াত এবং পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে শিক্ষার হার বাড়াতে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।’শেখ হাসিনা বিপুলসংখ্যক বই বিতরণ ও ছাপার মতো বিশাল কাজ সম্পন্ন করার জন্য শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় পাঠ্যপুস্তক ও পাঠ্যক্রম বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। আগামীকাল এই নতুন বছর শুরু হবে।এ সময় শিক্ষামন্ত্রী বলেন, এ বছর প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার তিন কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ১৭২ শিক্ষার্থীর জন্য ২৬ কোটি ১৭ লাখ ৭৪ হাজার ৬০৬ কপি বই ছাপা হয়েছে। এসব বই ১০ হাজার ৫০৭টি ট্রাকে ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পৌঁছানো হয়েছে।এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফসারুল আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, সংশ্লিষ্ট সচিব ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরাও এতে উপস্থিত ছিলেন।