বিনা মূল্যে বিশুদ্ধ পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন সকাল ১০টা। কমলাপুর রেলস্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে এসে থামল একটি আন্তনগর ট্রেন। যাত্রীরা তখন হুড়মুড় করে ট্রেন থেকে নামতে ব্যস্ত। ট্রেন থেকে নেমে সবাই যেন এদিক-সেদিক ইতিউতি করে কিছু একটা খুঁজছিলেন। দীর্ঘক্ষণ ট্রেনভ্রমণ শেষে সবাই যেন তৃষ্ণার্ত। অনেকের এখন দরকার খাওয়ার পানি। প্ল্যাটফর্ম থেকে খানিকটা হেঁটে স্টেশনের মূল ভবনে প্রবেশ করতেই তাঁদের চোখেমুখে আশার আলো ফুটে ওঠে। কারণ, এখানে রয়েছে বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থা। সেখানে পানি পান শেষে সবাই তৃপ্তির ঢেঁকুর তুলে যে যাঁর গন্তব্যের দিকে পা বাড়ান।কমলাপুর রেলস্টেশনের যাত্রীদের জন্য জীবনের অত্যাবশ্যকীয় উপাদান খাওয়ার পানির ব্যবস্থা করেছে বেসরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। তাদের কারিগরি সহযোগিতা করেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়াটার এইড।রবির তত্ত্বাবধানে যাত্রীদের বিনা মূল্যে বিশুদ্ধ পানি পানের সুবিধা প্রদান করা এবং এই প্রকল্পের দেখাশোনার জন্য এখানে দুজন তদারককারী (কেয়ারটেকার) রয়েছেন। এখানকার তদারককারী আলমগীর হোসেন জানান, অক্টোবরের ২৭ তারিখ থেকে যাত্রীদের জন্য পানি পানের ব্যবস্থা করা হয়েছে। পাঁচ হাজার লিটার ধারণক্ষম একটি ট্যাংকিতে তিনটি ওয়াটার ফিল্টার দিয়ে পানি বিশুদ্ধ করা হয়। তাঁর দাবি, এখানকার পানি শতভাগ বিশুদ্ধ। যাত্রীদের পানি পানের সুবিধার্থে এখানে রয়েছে পুরুষ, মহিলা ও প্রতিবন্ধীদের আলাদা পানির কল। কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্ম যেমন সারাক্ষণ যাত্রীদের পদচারণে মুখর থাকে, তেমনি পানির কলগুলো থেকেও সারাক্ষণ তৃষ্ণার্ত যাত্রীদের হাতের স্পর্শে ঝরঝর করে গ্লাসে, বোতলে পানি অবিরাম ধারায় পড়তে থাকে।নারায়ণগঞ্জগামী ট্রেনের যাত্রী তাজুল ইসলাম অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। ট্রেন আসতে ঢের দেরি। প্ল্যাটফর্মে খানিক সময় পায়চারি করা আর প্ল্যাটফর্মের কংক্রিটের বেঞ্চিতে বসে থাকতে থাকতে তাঁর পানির তিয়াস লাগে। তখন তিনি ছুটে আসেন পানির কলের কাছে। আঁজলাভরে পান করেন পানি। তিনি জানান, এই তো কয়েক দিন আগেও স্টেশনে এসে তৃষ্ণা পেলে গাঁটের পয়সা খরচ করে পানি কিনে খেতে হতো। বিনা মূল্যে পানি পানের ব্যবস্থা করায় ভালোই হয়েছে।স্টেশনে আসা সব যাত্রীর জন্যই এখানকার বিশুদ্ধ পানির সরবরাহ পরম স্বস্তি এনে দিয়েছে। এখানকার কেয়ারটেকার আলমগীর হোসেন জানান, অনেক যাত্রী শুধু পানি পান করেই সন্তুষ্ট থাকতে চান না, তাঁরা চান পানি পানের আগে পানির ঝাপটায় চোখ-মুখ থেকে ক্লান্তির রেশটুকু বিদায় দিতে। কিন্তু এটা তো বিশুদ্ধ পানি। এটা শুধু খাওয়ার জন্য, হাত-মুখ ধোয়ার জন্য নয়। যাত্রীরা তাঁর কথার তোয়াক্কা করেন না। আলমগীরের কথার সত্যতা মিলল খানিক বাদেই। অনেককেই দেখা গেল, পানি পানের আগে হাত-মুখ ধুয়ে নিচ্ছেন। আবার অক্ষরজ্ঞানহীন কেউ কেউ পুরুষ, মহিলা ও প্রতিবন্ধী লেখা পানির কলের যেটা খুশি, সেটায় এসে পানি পান করে চলে যাচ্ছেন। এ নিয়ে সারা দিনই পানি পানরত যাত্রীদের সঙ্গে কেয়ারটেকারের বচসা লেগেই থাকে। এতে অবশ্য যাত্রীরাই বিজিত হয়ে বীরদর্পে পানি পান করে যান। নব্য স্থাপিত পানির কলের সুবিধা ও অসুবিধা নিয়ে কথা হয় কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার নৃপেন্দ্র সাহার সঙ্গে। তিনি জানান, তাঁর কাছেও অনেক যাত্রী অভিযোগ করেছেন যে এখানে যেন হাত-মুখ ধোয়া ও অজু করার ব্যবস্থা রাখা হয়। এ ব্যাপারে অচিরেই রবি ও ওয়াটার-এইডকে জানানো হবে বলে তিনি আশ্বস্ত করেন।