বিনা মূল্যের ওষুধ খোলাবাজারে
সরকারের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে বিনা মূল্যে বিতরণের জন্য দেওয়া ওষুধ এখন বিভিন্ন ওষুধের দোকানে (ফার্মেসি) বিক্রি হচ্ছে। এমনই কয়েকটি ওষুধের দোকান থেকে ৮ আগস্ট বিভিন্ন ধরনের বিক্রির জন্য নয় এমন ওষুধ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। খুলনা জেলা ম্যাজিস্ট্রেট আলীমুল রাজীবের নেতৃত্বে র্যাব-৬-এর একটি বিশেষ দল রূপসা উপজেলার মিল্কি দেয়াড়া এলাকার কয়েকটি ওষুধের দোকান ও এক গ্রাম্য চিকিৎসকের বাড়িতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের ৭২ ধরনের বিনা মূল্যের ওষুধ উদ্ধার করেছে। এ সময় মশিউর রহমান নামের এক ওষুধ বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিল্কি দেয়াড়ার ওষুধ বিক্রেতা মশিউর রহমানের মালিকানাধীন ‘নিউ ভাই ভাই ফার্মেসি’তে অভিযান চালানো হয়। সেখান থেকে বিপুল পরিমাণ বিক্রয়-নিষিদ্ধ সরকারি ওষুধ আটক করা হয়। এরপর তাঁর ভাই গ্রাম্য চিকিৎসক মাহাবুবুর রহমান ওরফে মারুফের মালিকানাধীন ‘ভাই ভাই ফার্মেসি’তে অভিযান চালিয়ে সেখান থেকেও বিক্রয়-নিষিদ্ধ ওষুধ আটক করা হয়। এরপর একই এলাকার আরও কয়েকটি ওষুধের দেকানে অভিযান চালিয়ে ‘অমিত ফার্মেসি’ থেকে আরও বেশ কিছু ওষুধ উদ্ধার করা হয়।এ সময় র্যাবের জিজ্ঞাসাবাদে মশিউর রহমান জানান, তাঁর ভাই মাহাবুবুর রহমান খুলনা জেনারেল হাসপাতাল থেকে এসব ওষুধ এনে দিয়েছেন। হাসপাতালের বেশ কয়েকজন কর্মী এই ওষুধ বিক্রির সঙ্গে জড়িত। তাঁরা বিভিন্ন স্থানে অপেক্ষাকৃত কম দামে এসব ওষুধ বিক্রি করে থাকেন।র্যাব জানায়, উদ্ধার করা ওষুধের মধ্যে সিপ্রোফ্লোক্সাসিন, লিভোফ্লোক্সাসিন, মেট্রোনিডাজল, টেট্রাসাইক্লিন, কোট্রিমোক্সাসল, এন্টাসিড, প্যারাসিটামল, গর্ভনিরোধ খাওয়ার বড়িসহ সরকারি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতাল, পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে বিনা মূল্যে বিতরণের ৭২ ধরনের ওষুধ রয়েছে। বিনা মূল্যের ওষুধ বিক্রির অন্যতম হোতা গ্রাম্য চিকিৎসক মাহাবুবুর রহমান এখন পর্যন্ত গ্রেপ্তার হননি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং গ্রেপ্তার হওয়া মশিউর রহমানকে রূপসা থানায় সোপর্দ করা হয়েছে।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি পণ্য চুরি ও তা বিক্রয়ের অপরাধে মামলা হয়েছে। তাঁদের সোমবার আদালতে হাজির করা হলে আদালত মশিউর রহমানকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। র্যাবে-৬-এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার মীর মোদাচ্ছের হোসেন প্রথম আলোকে জানান, ‘একটি সংঘবদ্ধ দল সরকারি প্রতিষ্ঠান থেকে ওষুধ এনে বাইরে বিক্রয় করে এমন খবরের ভিত্তিতে আমরা অভিযান চালাই। গ্রাম্য সার্টিফিকেটহীন চিকিৎসকেরা বেশি লাভের আশায় ওই সব ওষুধ কম মূল্যে কেনেন এবং বিনা মূল্যের ওষুধ বেশি দামে নিরক্ষর ও কম শিক্ষিত গ্রাম্য লোকদের কাছে বিক্রয় করেন। আমরা তাঁদের হোতাদের ধরার চেষ্টা করছি।’এ ব্যাপারে খুলনার সিভিল সার্জন মো. আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে এখনো আমি কিছু শুনিনি। তবে বিষয়টি খতিয়ে দেখব।