বিনা মূল্যের সব বই এখনো পৌঁছায়নি সাতক্ষীরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যের সব বই এখনো পৌঁছায়নি। বছরের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সব বই না পাওয়ায় শিক্ষার্থীরা পুরোদমে পড়াশোনা করতে পারছে না। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬২২টি, বেসরকারি (রেজি.) প্রাথমিক বিদ্যালয় ৩৭০টি এবং কমিউনিটি বিদ্যালয় রয়েছে ৩৮টি। এসব স্কুলে চলতি বছর নয় লাখ ১৬ হাজার ৭১৩টি বইয়ের চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া গেছে আট লাখ ৪৫ হাজার ২১৬টি। ফলে জেলার বিভিন্ন উপজেলার অনেক শিক্ষার্থী বই পায়নি। সদর উপজেলায় দুই লাখ তিন হাজার ৭০০টি বইয়ের চাহিদার বিপরীতে এক লাখ ৭৮ হাজার বই দেওয়া হয়েছে। তালা উপজেলায় এক লাখ ৪৫ হাজার ৮০০ বইয়ের চাহিদার বিপরীতে এক লাখ ১৪ হাজার ৬০০টি, আশাশুনি উপজেলায় এক লাখ ৩৭ হাজার বইয়ের চাহিদার বিপরীতে এক লাখ ১৫ হাজার ৩০০টি, শ্যামনগর উপজেলায় এক লাখ ৫৭ হাজার ৫০০ বইয়ের চাহিদার বিপরীতে এক লাখ ৪৫ হাজার ৭০০টি, কালীগঞ্জে এক লাখ ৩২ হাজার বইয়ের চাহিদার বিপরীতে এক লাখ ১৪ হাজার ৪৮টি, কলারোয়ায় এক লাখ ছয় হাজার ৪০০ বইয়ের চাহিদার বিপরীতে ৬৯ হাজার ৪০০টি এবং দেবহাটায় ৬০ হাজার ৫০০ বইয়ের চাহিদার বিপরীতে ৫২ হাজার ৮৩৮টি বই দেওয়া হয়েছে।বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা সবগুলো বই পেয়েছে। তবে দ্বিতীয় শ্রেণীর বাংলা, তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, চতুর্থ শ্রেণীর বিজ্ঞান এবং পঞ্চম শ্রেণীর বাংলা, গণিত ও হিন্দুধর্ম বই এখনো পায়নি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা বলেন, ‘বই পাওয়ার সঙ্গে সঙ্গে তা শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কয়েকটি ক্লাসের সব বই কেন্দ্র থেকে এখনো পাওয়া যায়নি। ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’