বিনামূল্যে প্যান্ট না পেয়ে দোকানে ভাঙচুর ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মীদের
ঢাকা কলেজের ছাত্রলীগের কর্মীদের সঙ্গে আজ শনিবার সন্ধ্যায় এলাকার ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। এ সময় তাঁরা ব্যবসায়ীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন এবং একটি দোকান ভাঙচুর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিনামূল্যে প্যান্ট না পেয়ে ক্ষুব্ধ ছাত্রলীগের কর্মীরা এ ঘটনা ঘটান।নিউমার্কেট থানা পুলিশ সূত্র জানায়, ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের শিহাব গ্রুপের কয়েকজন কর্মী আজ সন্ধ্যায় নূরজাহান মার্কেটের দোতলায় এক্সিট নামের একটি দোকানে প্যান্ট কিনতে যান। এ সময় তাঁরা কয়েকটি প্যান্ট নিলেও দাম দিতে রাজি হননি। দোকানমালিক এর প্রতিবাদ করলে দুই পক্ষে কথাকাটাকাটি শুরু হয়। পরে অন্য ব্যবসায়ীরা এসে এর প্রতিবাদ করেন। খবর পেয়ে আরও ২০-২৫ জন ছাত্রলীগের কর্মী ওই মার্কেটের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা ব্যবসায়ীদের উদ্দেশে ইট-পাটকেল মারেন এবং ওই দোকানটিতে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় সব ব্যবসায়ী মার্কেট বন্ধ করে একজোট হলে উত্তেজনার সৃষ্টি হয়।নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।