বিনামূল্যের বইয়ের জন্য টাকা
রংপুরের তারাগঞ্জ উপজেলার কয়েকটি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সরকারি বিনামূল্যের বই বিতরণের সময় টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকেরা বই বিতরণের সময় বিভিন্ন অজুহাতে এ টাকা আদায় করছেন। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, পাঁচটি ইউনিয়নে ৭১টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। হাড়িয়ারকুঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেকেন্দার আলী বলেন, ডাঙ্গীরহাট সরকারি, খিয়ারডাংগা সরকারি, হাতীবান্ধা বেসরকারি, পাড়ঘাট বেসরকারি, পূর্ব উজিয়াল পাইকপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বই বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করেছেন। বিষয়টি উপজেলা শিক্ষা ও নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। ৭ জানুয়ারি হাতীবান্ধা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক অভিযোগ করেন, তাঁর এক সন্তানকে চতুর্থ শ্রেণীর বই দেওয়ার সময় ১৫ টাকা আর এক সন্তানের পঞ্চম শ্রেণীর প্রশংসাপত্র দিতে ৩০ টাকা করে নিয়েছেন শিক্ষকরা। বিদ্যালয়টির প্রধান শিক্ষক হোসেন আহম্মেদ বলেন, প্রশংসাপত্র দিতে ৩০ নয়, ১০ টাকা করে নেওয়া হয়েছে। বিদ্যালয়ের নানান খরচের জন্য বই দেওয়ার সময় পাঁচ টাকা করে চাওয়া হলেও বেশির ভাগ শিক্ষার্থী তা দেয়নি। একই ধরনের অভিযোগ করেছে পাড়ঘাট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানায়, শিক্ষকরা বই দেওয়ার সময় ২০-২৫ টাকা করে নিয়েছেন। এখানকার প্রধান শিক্ষক রুস্তম আলী বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে সে টাকায় ৬ জানুয়ারি খুরমা কিনে মিলাদ মাহফিল করে শিক্ষার্থীদের খাওয়ানো হয়েছে। আর তাছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে ১০ টাকা করে চাওয়া হলেও তারা চার-পাঁচ টাকা করে দিয়েছে। পূর্ব উজিয়াল পাইকপাড়া ভাই ভাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক আব্দুর ছবুর বলেন, ক্লাস রুমের টিন ফুটো হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি পড়ে কক্ষে। এ সমস্যা সমাধানে শিক্ষার্থীদের কাছে পাঁচ থেকে ১০ টাকা করে চাওয়া হলেও কেউ তা দেয়নি। খিয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক সহিদুল ইসলাম, খোরশেদ আলম, জমসেদ আলী অভিযোগ করেন, তাদের সন্তানদের কাছে ১০ টাকা করে নেওয়ার পরেই শিক্ষকেরা বই দিয়েছেন। ওই বিদ্যালয় এলাকার ইউপি সদস্য গোলাম মোস্তফাও জানান, প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়ার পরেই বই দেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষিকা শাহানাজ বেগম বলেন, ১০ টাকা নয়, স্কুলের যাবতীয় খরচের জন্য পাঁচ টাকা করে নেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, বই দিতে টাকা নেওয়ার বিধান নেই। কেউ যদি টাকা নিয়ে থাকেন তাহলে অন্যায় করেছেন। খোঁজ করে এ ব্যাপারে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, বই বিতরণে কেউ যদি টাকা নিয়ে থাকেন তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।