বিনামূল্যের ২০ হাজার পাঠ্যবই জব্দ, আটক ৩
বিক্রির জন্য চোরাইপথে আনা প্রাথমিক স্তরের বিনামূল্যের প্রায় ২০ হাজার কপি পাঠ্যবই আজ সোমবার জব্দ করেছে রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে।আটক হওয়া ব্যক্তিরা হলেন বই ব্যবসায়ী রফিক খান (৪৫), আমানুর শেখ (৩৮) ও ট্রাক চালক মোতালেব (৪৫)।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, চোরাইপথে বিনামূল্যের বিপুল পরিমাণ পাঠ্যবই একটি চক্র বিক্রির জন্য রাজধানীতে নিয়ে আসছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সায়েদাবাদ ও গোলাপবাগে টহল বসায়। আজ সকাল সাতটার দিকে সায়েদাবাদ ওয়াসা বস্তি-সংলগ্ন সড়কে ত্রিপল দিয়ে ঢাকা মালামালভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়। কারণ সাধারণত ওই স্থানে ট্রাক দাঁড়িয়ে থাকে না। পুলিশ এগিয়ে গিয়ে ট্রাকটি তল্লাশি করে প্রায় পাঁচ হাজার বিনামূল্যের পাঠ্যবই জব্দ করে। এ সময় রফিক খান, আমানুর শেখ ও মোতালেবকে আটক করা হয়। এরপর রফিক খানের স্বীকারোক্তি অনুযায়ী, কেএম দাশ লেনে তাঁর বাসায় তল্লাশি চালিয়ে আরও প্রায় ১৫ হাজার পাঠ্যবই জব্দ করা হয়।ওসি বলেন, আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, আমানুর শেখ ময়মনসিংহ থেকে বইগুলো নিয়ে ঢাকায় রফিক খানের কাছে নিয়ে আসেন। বই নামানোর জন্য বাসার পাশাপাশি ওয়াসা বস্তি-সংলগ্ন সড়কে ট্রাকটি দাঁড় করানো হয়েছিল। এ সময় পুলিশের নজরে পড়ে যান তাঁরা।ওসি আরও বলেন, রফিক খান বাংলাবাজারে বিভিন্ন দোকানে বই বাঁধাই করে বিক্রি করেন। বইগুলো আজকের মধ্যে বাংলাবাজারে বিক্রির কথা ছিল তাঁর। বহুদিন ধরে বইয়ের ব্যবসা করলেও পাঠ্যবইয়ের এমন ব্যবসা তিনি সম্প্রতি শুরু করেছেন বলে পুলিশকে জানিয়েছেন। আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিভি) মোস্তফা কামালউদ্দিন প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।