শুরুটা ভালো থাকলেও বছর শেষ হলো মূল্যস্ফীতির চাপের মধ্য দিয়ে। হাতে গোনা দু-একটি পণ্য ছাড়া বাকি সব কটিরই দাম বেড়েছে শেষ দুই মাসে। তবে চিনি, ভোজ্যতেল ও ডালের বাজারদর বছরজুড়ে কখনোই শান্ত ছিল না। আর শেষ সময়ে এসে চালের বাজার নিয়ন্ত্রণহীন হতে শুরু করেছে।গত বছরের প্রথম চার মাস বাজার স্থিতিশীল থাকার বড় কারণ ছিল বিশ্ব অর্থনীতির মন্দা। বিশ্বব্যাপী এই মন্দা আতঙ্ক ছড়ালেও বাংলাদেশ ছিল তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত। এ সময় জিনিসপত্র কম দামে কেনা গেছে, প্রবাসী-আয় বেড়েছে রেকর্ড পরিমাণে।প্রবাসী-আয় বাড়ার খানিকটা মন্দ দিকও দেখেছে এবার দেশ। এর ফলে বাজারে মুদ্রা সরবরাহ বেড়ে গেছে। অর্থাত্ মূল্যস্ফীতির ওপর চাপ তৈরিতে এই প্রবাসী-আয়ও কিছু ভূমিকা রেখেছে। পাশাপাশি মন্দায় রপ্তানি-আয়ও কমেছে।বিশ্ব অর্থনীতির মন্দা কাটিয়ে উঠতে শুরু করলেও গত এক বছরে বিনিয়োগ মন্দা কাটিয়ে উঠতে পারেনি দেশ। বিদ্যুত্ ও গ্যাসের সংকটে বড় কোনো বিনিয়োগ হয়নি গত এক বছরে। ফলে বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তা যেমন রয়ে গেছে, তেমনি কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতিও প্রশ্নবিদ্ধ হয়ে থেকেছে।গত এক বছরে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবার আগে আসে কৃষকের নাম। এর পরই প্রবাসীশ্রমিক। আর ২০০৯ সালের খলনায়ক ভোগ্যপণ্য ব্যবসায়ীদের একটি অংশ। সরবরাহ ঠিক থাকলেও তারা চিনি, ভোজ্যতেল, ডাল ও চালের দাম বাড়িয়েছে ইচ্ছামতো। বাজার ব্যবস্থাপনায় সরকারও খুব ভালো করেনি এ সময়। ভোক্তারা পুরোপুরি সন্তুষ্ট থাকেনি ২০০৯ সালে। দ্রব্যমূল্য নিয়ে দুশ্চিন্তা: নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ পাঁচটি অগ্রাধিকারে বলেছিল, ‘দ্রব্যমূল্যের দুঃসহ চাপ প্রশমনের লক্ষ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে স্থিতিশীল রাখার ব্যবস্থা করা হবে। দেশজ উত্পাদন বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সময়মতো আমদানির সুবন্দোবস্ত, বাজার পর্যবেক্ষণসহ বহুমুখী ব্যবস্থা গ্রহণ করা হবে। মজুদদারি ও মুনাফাখোরি চক্র ভেঙে দেওয়া হবে, চাঁদাবাজি বন্ধ করা হবে। ভোক্তাদের স্বার্থে ভোগ্যপণ্য মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গড়ে তোলা হবে। সর্বোপরি সরবরাহ ও চাহিদার ভারসাম্য সৃষ্টি করে দ্রব্যমূল্য কমানো হবে এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা হবে।’ইশতেহারে উল্লেখ করা চাল, ডাল ও তেলের দর বছরের বেশির ভাগ সময় স্থিতিশীল ছিল না। বোরো ও আমনের বাম্পার ফলনের পরও চালের দাম তেমন কমেনি। গত ডিসেম্বরেই মোটা চালের দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ। চালের দাম বাড়লেও এর সুফল পাননি কৃষক। গত এক মাসে সব ধরনের আটা ও ময়দার দাম বেড়েছে ৭ থেকে ১৬ শতাংশ। প্রায় একই অবস্থা ডালেরও। আর গত এক বছরে চিনির দাম বেড়েছে ৬৫ শতাংশ। গত বছরের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় দেশের গড় মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ০৬ শতাংশ। মাঝে এই হার নিচে নেমে এলেও বছরের শেষ মাসে এসে আবার বাড়তে শুরু করেছে। সেটি এখন সাড়ে ৬ শতাংশ ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা মূল্যস্ফীতির এই চাপ আবারও ফিরে আসাকে উদ্বেগজনক মনে করছেন। বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অর্থনীতিতে এখন ঝুঁকির বিষয় হলো মূল্যস্ফীতির প্রবণতা। কেননা, মূল্যস্ফীতি কমে গিয়ে আবার বাড়ছে। নতুন বছরের চ্যালেঞ্জ হবে এই চাপ কমিয়ে আনা। বাজারে অর্থ আছে, বিনিয়োগ নেই: ব্যাংকে রেকর্ড পরিমাণ অর্থ পড়ে আছে। বৈদেশিক মুদ্রার মজুদ প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। তার পরও বিনিয়োগ নিয়ে বড় ধরনের দুশ্চিন্তা রয়ে গেছে। বেসরকারি খাতে বিনিয়োগ যেমন বাড়েনি, তেমনি সরকারও বড় আকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তৈরি করেও তা বাস্তবায়নে তেমন দক্ষতা দেখাতে পারেনি। একমাত্র শেয়ারবাজার ছিল ক্ষুদ্র বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। এই বাজার নিয়েও বছরজুড়ে নানা কারসাজির অভিযোগ ছিল। তবে বড় ধরনের কোনো সংকট হয়নি। ওয়াহিদউদ্দিন মাহমুদের মতে, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যে চলমান মন্দা পরিস্থিতি আরেকটি বড় উদ্বেগের বিষয়। কেননা, মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি অব্যাহতভাবে দ্রুত কমে যাচ্ছে। তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এই দুই ধরনের পণ্যের আমদানি কমেছে আগের বছরের তুলনায় ২০ শতাংশের কাছাকাছি। এই মন্দা ভাবের কারণগুলো বহুবিধ হতে পারে। যেমন, বিশ্ব বাণিজ্যের অনিশ্চয়তা তো আছেই। আরও আছে বেসরকারীকরণ, সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) বিনিয়োগ ইত্যাদি বিষয়ে সরকারি নীতির অনিশ্চয়তা এবং সর্বোপরি বিদ্যুত্ ও জ্বালানি সমস্যা। নীতি বাস্তবায়নে সমস্যা: বিনিয়োগ নেই অথচ শেষ সময়ে এসে মুদ্রা সরবরাহ বেড়েছে। এই অর্থ বিনিয়োগ কর্মকাণ্ডে না গেলে মূল্যস্ফীতির চাপ আরও বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। নীতি বাস্তবায়নের সংকটও বছরজুড়ে ছিল। অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে বাজেটে পিপিপি নিয়ে অনেক কথা বলা হলেও এখনো এ বিষয়ে কোনো অগ্রগতি নেই। মন্দা কাটাতে প্রণোদনা হিসেবে বিশেষ সহায়তা দেওয়া হলেও তা নিয়ে অনেকের মধ্যে ছিল অসন্তোষ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানও মনে করেন, বছরের শেষের দিকে এসে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তবে একে কাজে লাগাতে হলে সরকারের নীতি বাস্তবায়ন আরও দ্রুত করতে হবে।ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিশ্ব মন্দায় বাংলাদেশ সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। বিশ্ব মন্দা কেটে যাওয়ার লক্ষণ যখন দেখা যাচ্ছে, তা থেকে লাভবান হওয়ার সুযোগও বাংলাদেশের আছে। কিন্তু সে জন্য দরকার হবে নীতি নির্ধারণে সমন্বয় ও বাস্তবায়নের প্রক্রিয়াকে আরও দক্ষ ও গতিশীল করা। অর্থনীতি নিয়ে আশাবাদ: সার্বিকভাবে গত বছর অর্থনীতির বেশ কিছু ভালো দিক ছিল। মন্দার মধ্যেও জিডিপির প্রবৃদ্ধি মোটামুটি ধরে রাখা গেছে। সেটা সম্ভব হয়েছে কৃষি ও অন্যান্য দেশজ খাতের উত্পাদন বৃদ্ধির মাধ্যমে। কৃষিঋণের বিতরণ ও আদায় দুটোই বেড়েছে। বিদেশে কাজে যাওয়া শ্রমিকের সংখ্যা কমলেও তাঁদের পাঠানো অর্থের পরিমাণ অব্যাহতভাবে দ্রুত বেড়েছে।গভর্নর আতিউর রহমান বছরের শেষের অর্থনৈতিক পরিস্থিতির বর্ণনা দিয়ে প্রথম আলোকে বলেন, পুঁজি যন্ত্রপাতিসহ বিভিন্ন ধরনের পণ্য আমদানির ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে, রপ্তানি আয়ও বাড়ার লক্ষণ রয়েছে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়তে শুরু করেছে। তবে এই ধারা ধরে রাখতে হলে গ্যাস ও বিদ্যুত্সংকট কাটানোর ওপর বিশেষ জোর দিতে হবে। গভর্নর আরও বলেন, ব্যাংকগুলোকে সহজ লাভ করার প্রবণতা কমিয়ে উত্পাদন কর্মকাণ্ডে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। তবে বিদেশি বিনিয়োগ এখনো একটি বড় সমস্যা হয়ে আছে। এই বিনিয়োগ বাড়াতে হবে। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল। এই পরিস্থিতিকে কাজে লাগাতে হবে। এ জন্য সরকারের বিভিন্ন নীতির বাস্তবায়ন জরুরি। তার পরও ঝুঁকি: আশাবাদের মধ্যে অর্থনীতির ঝুঁকির দিকগুলো নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, অর্থনীতিতে মুদ্রা সরবরাহ বৃদ্ধির হারও বেশির দিকে। বর্তমানে বার্ষিক হিসাবে তা ১৮-১৯ শতাংশ। মুদ্রা সরবরাহ বাড়ার আরেকটি কারণ বৈদেশিক মুদ্রার মজুদ বৃদ্ধি। অন্য কারণটি হলো বেসরকারি খাতে ঋণপ্রবাহের মন্দা অবস্থা সম্প্রতি বেশ চাঙা হয়ে উঠেছে। বেসরকারি খাতে ঋণ দ্রুত বাড়ছে কেন, তার কারণ স্পষ্ট নয়। এটা সত্য, কৃষি খাতে ঋণ বেড়েছে। আদায়ের হারও বেড়েছে। কাজেই প্রকৃত ঋণ তেমন বাড়েনি, শিল্পের মেয়াদি ঋণ বাড়ছে না বরং কমেছে। কাজেই বেসরকারি খাতের ঋণ কোথায় যাচ্ছে এবং অর্থনীতির প্রবৃদ্ধির পুনর্বিন্যাসে কত দূর ভূমিকা রাখছে, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি দরকার।