হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে ৩০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে কানাডীয় কোম্পানি।একই সঙ্গে কানাডীয় কোম্পানি ভিজুয়াল ডিফেন্স ইনকরপোরেশন (ভিডিআই) বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জি এম কাদেরের বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে তারা গতকাল বুধবার মন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছে। মন্ত্রী চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন।ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আয়াটা) একটি চিঠির পরিপ্রেক্ষিতে ভিডিআইয়ের সততা নিয়ে প্রশ্ন তোলে বিমান মন্ত্রণালয়। এ নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে ভিডিআই গত মঙ্গলবার বিমানমন্ত্রীকে চিঠি দিয়ে তাদের বিনিয়োগ প্রস্তাব প্রত্যাহার করার ঘোষণা দেয়।চিঠিতে ভিডিআই তাদের প্রস্তাব নিয়ে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত-প্রচারিত খবর ও মন্ত্রীর বক্তব্য খণ্ডন করে। এসব খবর ও বক্তব্য সঠিক নয় বলে দাবি করে তারা।মন্ত্রণালয় সূত্রে জানা যায়, হজরত শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে কানাডীয় কোম্পানি ভিডিআই ৪০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩০০ কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব দেয়। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) এই প্রস্তাব গত ফেব্রুয়ারিতে বিমান মন্ত্রণালয়ে পাঠায়। বিমান মন্ত্রণালয় প্রস্তাব অনুমোদনের জন্য ২৯ আগস্ট অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠায়।প্রস্তাবে বলা হয়, এয়ারলাইনসগুলো থেকে বহির্গমন যাত্রীদের কাছ থেকে মাথাপিছু নিরাপত্তা ফি আদায় করা হবে। এতে যাত্রীপ্রতি ৩৫ মার্কিন ডলার বা প্রায় আড়াই হাজার টাকা ফি আদায়ের প্রস্তাব করা হয়। প্রাপ্ত ফির ১৫ শতাংশ সিভিল এভিয়েশনের মাধ্যমে পাবে বাংলাদেশ সরকার। বাকি অর্থ পাবে ভিডিআই। এভাবে ২৫ বছরে ভিডিআই খরচসহ লাভ তুলে নেবে।বিমানমন্ত্রী জি এম কাদের প্রথম আলোকে বলেছেন, ভিডিআই এক চিঠিতে নিজেদের আয়াটার একমাত্র কৌশলগত অংশীদার দাবি করেছিল। কিন্তু সম্প্রতি মন্ত্রণালয়ের সচিবকে দেওয়া আয়াটার এক চিঠিতে জানা যায়, এটা ঠিক নয়। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি মন্ত্রিসভা কমিটিকে জানানো হয়।মন্ত্রী আরও বলেন, ওই চিঠি মন্ত্রণালয়ের ফাইল থেকে গায়েব করে দেওয়া হয়েছে।মন্ত্রী তাঁর এই বক্তব্য এর আগে অপর একটি সংবাদমাধ্যমকেও দেন। তাঁর বক্তব্য সঠিক নয় দাবি করে ভিডিআই মন্ত্রীকে কড়া ভাষায় চিঠি দেয়। তাতে বলা হয়, আয়াটার ওয়েবসাইটে গেলেই জানা যাবে, ভিডিআই তাদের কৌশলগত অংশীদার কি না। গতকাল আয়াটার ওয়েবসাইটে ঢুকে তাদের এই দাবির সত্যতাও পাওয়া যায়।এ বিষয়ে জানতে চাইলে বিমানমন্ত্রী প্রথম আলোকে বলেন, ভিডিআই কৌশলগত অংশীদার হতে পারে, কিন্তু তারা নিজেদের আয়াটার একমাত্র অংশীদার বলায় বাংলাদেশের সিভিল এভিয়েশন কোনো দরপত্র ছাড়াই তাদের প্রস্তাব অনুমোদনের জন্য পাঠিয়েছে।ভিডিআই গত মঙ্গলবার রাতে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত বিমানমন্ত্রীর বক্তব্যকে অসত্য ও মানহানিকর আখ্যায়িত করেছে। এ জন্য কানাডীয় কোম্পানিটি বিমান মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে গতকাল মন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছে।ভিডিআইয়ের দক্ষিণ এশিয়ার এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আয়াটার চিঠিটি ছিল বিমান পরিবহন ও পর্যটন-সংক্রান্ত বাংলাদেশের একটি ইংরেজি সাময়িকীর একটি ভুল সংবাদকে কেন্দ্র করে। আর সে চিঠির অর্থ সঠিকভাবে উপলব্ধি না করে এবং বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই বিমান মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে এবং বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে। তিনি বিভিন্ন দালিলিক তথ্যপ্রমাণ উপস্থাপন করে বলেন, ভিডিআই যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে অংশীদারির ভিত্তিতে কাজ করে। ইউরোপের বড় বড় বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে কাজ করেছে। এ রকম একটি কোম্পানিকে ‘প্রতারক’ কোম্পানি বলার আগে ভাবা উচিত ছিল।মন্ত্রণালয়ের কাছে পাঠানো আয়াটার ওই চিঠিতে বাংলাদেশের একটি ইংরেজি সাময়িকীর গত ১৫ অক্টোবরের একটি খবরের উল্লেখ করে বহির্গমনকারী যাত্রীপ্রতি ৩৫ ডলার ফি আদায়ের প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ওই ইংরেজি সাময়িকীর খবরে বলা হয়, যাত্রীপ্রতি ৩৫ ডলার ফি আদায়ে আয়াটার সম্মতি রয়েছে। আয়াটা এই খবরকে চ্যালেঞ্জ করে চিঠিতে বলেছে, এই ফি আদায়ের ব্যাপারে আয়াটা সম্মতি দেয়নি। এমনকি এ নিয়ে ভিডিআই কিংবা বাংলাদেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে আয়াটা কোনো চুক্তি করেনি। আয়াটা মনে করে, যে ৩৫ ডলার ফি প্রস্তাব করা হয়েছে, তা বিশ্বের যেকোনো বিমানবন্দরের তুলনায় অনেক বেশি। এ রকম ফি আকাশপথে বাংলাদেশের বিকাশমান বিমান ব্যবসার বিকাশ নিঃসন্দেহে থামিয়ে দেবে।আয়াটা মনে করে, বিমান সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে এ ধরনের ফি নির্ধারণ করতে হবে। এ ছাড়া বিমানবন্দরের নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব এবং এর ব্যয় রাষ্ট্রকেই বহন করতে হবে।মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে কানাডীয় প্রস্তাবটি বাস্তবায়নের আর সম্ভাবনা নেই। সিভিল এভিয়েশনের কাছে বিপুল তহবিল রয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষ নিজেরাই এ কাজ করার উদ্যোগ নেবে।