বিনিয়োগ বাড়লেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে: ডিএসই সহসভাপতি
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার কেনা বাড়িয়ে দিলেই শেয়ারবাজার বর্তমান অস্থির অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন ডিএসই সহসভাপতি সাইফুল ইসলাম। তবে তিনি কোনোভাবেই সূচকের পতনকে খারাপ হিসেবে মানতে রাজি নন। তাঁর মতে, বাজারে সাম্যাবস্থা ও স্থিতিশীলতা রক্ষার প্রয়োজনে সাধারণ সূচকের বাড়া-কমার প্রয়োজন রয়েছে। কারণ, শেয়ারবাজারের সাধারণ সূচক যদি অনেক দিন ধরে একনাগাড়ে বাড়তি কিংবা ঊর্ধ্বমুখী অবস্থায় থাকে তাহলে বাজারের কোনো কোনো শেয়ার অতি মূল্যায়িত হয়ে যেতে পারে। তবে তিনি এও বলেন, সাধারণ সূচক যদি আবার প্রতিদিন কমতে থাকে, সেটাও শেয়ারবাজারের জন্য মঙ্গলজনক নয়। তাই সাধারণ সূচকের বাড়া-কমার মধ্যে একটা স্থিতাবস্থা জরুরি। সাইফুল ইসলাম বলেন, বাজারে গত কয়েক মাসে যেহেতু ব্যাংকসহ বিভিন্ন খাতের শেয়ারের দাম বেড়েছে, সে কারণে এখন সেই শেয়ার বিক্রি করে লাভ তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা। এ কারণেই সূচকের সাময়িক পতন হয়েছে। বিনিয়োগকারীরা আবার শেয়ার কেনা শুরু করলে বাজারের অবস্থা পরিবর্তিত হবে।এদিকে আজ খাতবিশেষে গ্রামীণফোনসহ ব্যাংক, বিদ্যুত্, মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম কমেছে। এ কারণেই মূলত শেয়ারবাজারে আজ সকাল থেকে সাধারণ মূল্য সূচকের পতন লক্ষ করা গেছে। সারা দিন লেনদেনেও ছিল বেশ ধীরগতি।