বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি: জার্মান রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত হোলগার মাইকেল বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে জার্মানির ব্যবসায়ীদের আগ্রহ রয়েছে। এ জন্য বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দীর্ঘ মেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা জরুরি। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিনিয়োগ পরিস্থিতি সম্পর্কে হোলগার মাইকেল এ মন্তব্য করেন।জার্মান পুনঃ একত্রীকরণের ২১ বছর পূর্তি ও ২৭-২৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় জার্মান বাণিজ্য মেলা উপলক্ষে জার্মান দূতাবাস এবং বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিজিসিসিআই) যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।হোলগার মাইকেল বলেন, জার্মানির প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফ আগামী মাসের শেষে বাংলাদেশ সফরে আসছেন। এটা হবে ২৫ বছর পর জার্মানির কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম ঢাকা সফর। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশে এসেছিলেন তত্কালীন জার্মানির প্রেসিডেন্ট ফন ওয়েজশুকার।হোলগার মাইকেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ অক্টোবর তিন দিনের সফরে জার্মানি যাবেন। এ সফরের সময় তাঁর সঙ্গে জার্মানির চ্যান্সেলর অ্যাংগেলা মেরকেলের বৈঠক হবে। এ সফরগুলো প্রমাণ করে, দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক সময়ে জোরদার হয়েছে।বাংলাদেশে জার্মান বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে বলে উল্লেখ করে হোলগার মাইকেল বলেন, ‘এ দেশে বিনিয়োগের জন্য জার্মান ব্যবসায়ীরা যেমন যথাযথ অবকাঠামো সুবিধা চান, তেমনি দীর্ঘস্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতার নিশ্চয়তা চান। কারণ জার্মান বিনিয়োগকারীরা দীর্ঘ মেয়াদে ব্যবসা করতে চান। তাঁরা স্বল্প মেয়াদে লাভের মানসিকতা নিয়ে বিনিয়োগ করতে আগ্রহী নন। কাজেই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের অগ্রাধিকার থাকে যেখানে ব্যবসা করতে যাচ্ছেন, সেখানকার পরিস্থিতি কতটা স্থিতিশীল।’জার্মানির রাষ্ট্রদূত বলেন, জ্বালানি অবকাঠামোর উন্নয়নসহ বিভিন্ন খাতের উন্নয়নে বাংলাদেশকে কারিগরি সহযোগিতা দিচ্ছে জার্মানি। ফ্রাংকফুর্ট, ডুসেলডর্ফ, স্টুটগার্ট, হামবুর্গ ও বার্লিনে সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ রোড শোতে ইতিবাচক সাড়া পাওয়ার কথা উল্লেখ করেন বিজিসিসিআই সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘জার্মান ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন। এ জন্য তাঁরা অবকাঠামো উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন।’সাইফুল ইসলাম বলেন, ‘২০১০ অর্থবছরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ২০ শতাংশ বেড়েছে। সে বছর দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার। এতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ২ দশমিক ৮ বিলিয়ন ডলার।সংবাদ সম্মেলনে বিজিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি সারিয়া সিদ্দিক, সহসভাপতি সৈয়দ সাদাকাত হোসেন ও নির্বাহী পরিচালক ড্যানিয়েল সেইডেল বক্তব্য দেন।