বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে বলেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার ধসের কারণে সরকারকে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে বলেছে বিএনপি। দলটি শেয়ার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলা হয়।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, কয়েক দিনে শেয়ারবাজার থেকে ৮৫ হাজার কোটি টাকা লুট হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, তদন্ত করবেন। কিন্তু ক্ষমতায় থেকে কীভাবে তদন্ত করবেন। তিনি বলেন, ‘যেহেতু আপনারা আত্মস্বীকৃত অপরাধী, তাই সরকার পদত্যাগ না করলে তদন্তের নামে প্রহসন হবে।’ তিনি বলেন, ‘শেয়ারবাজার থেকে এত হাজার কোটি টাকা কোথায় গেছে, তা খুঁজে বের করতে হবে। ৩৩ লাখ বিনিয়োগকারীর ক্ষতিপূরণ দিতে হবে। নইলে ভবিষ্যতে জনগণ এর হিসাব চাইবে। এ ঘটনার বিচারও করবে জনগণ।’এম কে আনোয়ার বলেন, সরকার পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। ১৯৯৬ সালেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এই ধরনের কেলেঙ্কারি ঘটেছিল। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের নামে দেশ-বিভক্তির চেষ্টা চলছে। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বর্তমান আইন যথেষ্ট নয়। আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করতে হলে আইন সংশোধন করতে বলেছেন বিশেজ্ঞরা। তাই এ আইনে বিচার করলে বিচারের নামে প্রহসন হবে।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার-সমর্থিত কিছু লোক শেয়ারবাজারের ঘটনায় জড়িত। এ জন্য সরকার এ বিষয়ে নীরব রয়েছে। ৩৩ লাখ বিনিয়োগকারী রাস্তায় বসেছে। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ৩৩ লাখ বিনিয়োগকারীর দায়িত্ব নিয়ে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিন।সভায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান, চলচ্চিত্র ব্যক্তিত্ব চাষি নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী প্রমুখ।