বিনিয়োগকারীদের ডাকে সাড়া না দেওয়া নিষ্ঠুরতা: মকসুদ
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে থেকে বিনিয়োগকারীদের সরিয়ে দেওয়ার নিন্দা জানিয়েছেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে বিনিয়োগকারীদের ডাকে সাড়া না দেওয়ার নিন্দা জানিয়ে বিষয়টিকে নিষ্ঠুরতা বলে অভিহিত করেছেন তিনি।আজ সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে বিনিয়োগকারীদের অনশন চলাকালে তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করে সৈয়দ আবুল মকসুদ এসব মন্তব্য করেন।প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে আবুল মকসুদ বলেন, বল প্রয়োগ না করে আলোচনার মাধ্যমে শেয়ারবাজারের সমস্যা সমাধান করুন।আবুল মকসুদ বলেন, শেয়ারবাজারের সমস্যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। এ সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। যেখানে লাখ লাখ মানুষের জীবিকা জড়িত, সেখানে বলপ্রয়োগের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে না। বরং তা হিতে বিপরীত হবে।সৈয়দ আবুল মকসুদ আরও বলেন, ‘পুঁজি হারিয়ে নিঃস্ব বিনিয়োগকারীরা দুই দিন থেকে অনশন করছেন। দুর্দশার কথা ভেবে তাঁদের এ কর্মসূচি মুলতবির অনুরোধ করেছি। আশা করি, তাঁরা এই অনুরোধ মেনে নেবেন।’প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মকসুদ বলেন, প্রধানমন্ত্রী তাঁদের সমস্যার গুরুত্ব অনুধাবন করে আশু সমাধানের ব্যবস্থা নেবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের পক্ষে থেকে অবিলম্বে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী। এর সঙ্গে যেখানে প্রায় দুই কোটি মানুষের জীবিকা জড়িত, সেখানে সরকার দায়িত্ব এড়াতে পারে না।এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক বিনিয়োগকারীদের অনশনে সংহতি প্রকাশ করেন।