বিনিয়োগকারীদের ধৈর্য ধরার পরামর্শ অর্থমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের দরপতনে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, শেয়ারবাজারের স্থিতিশীলতা ধরে রাখতে সরকার যথাসম্ভব সমর্থন দিয়ে যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে, বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হোক, সরকার তা চায় না। রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে শেয়ারবাজার-পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবুল মাল আবদুল মুহিত গতকাল রোববার এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী ও নজরুল হুদা উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, বাজার যখন বাড়ে, তখন তো কেউ রাস্তায় নেমে আনন্দে মিষ্টি বিতরণ করে না। কিন্তু দরপতন হলে রাস্তায় নেমে ভাঙচুর শুরু করে দেয়। তিনি বলেন, বিনিয়োগকারীদেরও এটা মনে রাখতে হবে, শেয়ারবাজারে ১০ টাকা বিনিয়োগ করলেই রাতারাতি ১৫ টাকা মুনাফা পাওয়া যায় না। এ ধরনের চিন্তাভাবনা ভুল। এ থেকে বেরিয়ে আসতে হবে। দরপতনের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বাজার যেভাবে বেড়েছিল, সেটি ছিল অস্বাভাবিক। সেখান থেকে সংশোধন হতেই হতো। একটা পর্যায়ে আমরাও চেয়েছিলাম, বাজার কিছুটা সংশোধন হোক।’ শেয়ারবাজারকে আরও বিস্তৃত করার সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাজারে আরও শেয়ার আসবে। সরকারি কোম্পানির শেয়ার বাজারে আসতে একটু দেরি হচ্ছে। কিন্তু সেগুলোকে বাজারে আসতেই হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই শেয়ারবাজার ঘিরে এক ধরনের অস্থিরতা তৈরি হয় কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের কথা চিন্তা করে। কেউ কেউ হয়তো সেই সুযোগ নেয়।বাজার নিয়ন্ত্রক সংস্থার ঘনঘন হস্তক্ষেপ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, উঠতি শেয়ারবাজারে নিয়ন্ত্রক সংস্থাকে নানা সময়ে নানা কারণে হস্তক্ষেপ করতে হয়। যত দিন স্টক এক্সচেঞ্জকে ডিমিউচুয়ালাইজেশন (পরিচালনা পরিষদ থেকে ব্যবস্থাপনাকে আলাদা করা) না যাচ্ছে, তত দিন বাজারে হস্তক্ষেপ প্রয়োজন আছে। উপদেষ্টা মসিউর রহমান বলেন, ‘শেয়ারবাজারের ব্যাপ্তি অনেক বেড়েছে। বহু লোক এখন বাজারের সঙ্গে যুক্ত। বাজারের শেয়ারের সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে সরকার। যাঁরা শেয়ারবাজারে যান, তাঁরা ভাবেন, হঠাৎ অনেক লাভ হবে। সে কারণেই অল্পেই তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু ভালো মৌল ভিত্তির শেয়ারে বিনিয়োগ করলে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।